জামালপুরে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর প্রচারকেন্দ্র ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গত শনিবার রাতে পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা ও প্রচারকেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ জন্য প্রতিপক্ষ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে দায়ী করেছে বিএনপি। এদিকে, ওই সময় ঘটনাস্থলে গিয়ে ধাওয়া খেয়ে ফিরে আসেন ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের দেওয়ানপাড়া মোড়ে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আমান উল্লাহর নির্বাচনী প্রচারকেন্দ্রের কাছেই একটি হোটেলের সামনে বিএনপির প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলীর আনারস প্রতীকের পোস্টার ও তিনটি তাজা আনারস টাঙানো ছিল। আমান উল্লাহর সমর্থক কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগের কর্মী গত শনিবার রাত আটটার দিকে ওই পোস্টার ছিঁড়ে ফেলে তাজা আনারসগুলো নামিয়ে ফেলেন। ওয়ারেছ আলীর পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জয়দেব চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিএনপির প্রার্থীর সমর্থকদের ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন এবং বিষয়টি দেখার আশ্বাস দেন। বিএনপির কর্মীদের বেশির ভাগ ঘটনাস্থল থেকে যাওয়ার পর আমান উল্লাহর কর্মীরা ওয়ারেছ আলীর নির্বাচনী প্রচারকেন্দ্র ভাঙচুর এবং কয়েকজন নেতা-কর্মীকে মারধর করে তাড়িয়ে দেন। এ সময় পুলিশ বাধা দিতে গেলে হামলাকারীরা পুলিশকে ধাওয়া করে এবং পুলিশের গাড়িতে ইটপাটকেল ছোড়েন। ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ সুপার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।ওই ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে ওয়ারেছ আলীর নির্বাচন পরিচালনা কমিটি শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এ সময় কমিটির আহ্বায়ক সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মো. সিরাজুল হক অভিযোগ করেন, আমান উল্লাহর বড় ভাই, যিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় নেমেছেন। তাঁর নেতৃত্বে ওয়ারেছ আলীর প্রচারকেন্দ্রে হামলা ও কর্মীদের মারধর করা হয়েছে।এরপর রাত ১২টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আমান উল্লাহ। তিনি ওই ঘটনার জন্য ওয়ারেছ আলী ও তাঁর সমর্থকদের দায়ী করেন।আমান উল্লাহ বলেন, ‘আমার ভাই নির্বাচনের খোঁজখবর নিতেই পারেন। তিনি আজও (শনিবার) সারা দিন কয়েকটি ওয়ার্ডে গিয়েছেন।’ম্যাজিস্ট্রেট এবং পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া প্রসঙ্গে জামালপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘কোথাও বিশৃঙ্খলা থামাতে গেলে এমন হতে পারে। ওই ঘটনায় পুলিশের কেউ আহত হয়নি। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।’