জামালপুরে বিচারকের ১১টি পদ শূন্য
জামালপুরে জেলা জজ আদালতে বিচারকসংকট এখন চরমে। এতে বিচার-কার্যক্রম বিলম্বিত হওয়ায় বিচারপ্রার্থী ও মামলাসংশ্লিষ্ট ব্যক্তিরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ, স্পেশাল জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ ১১টি বিচারকের পদ শূন্য রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, জেলা জজ আদালতের ২৩ জন বিচারকের মধ্যে শূন্য রয়েছে ১১টি পদ। এর মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, স্পেশাল জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রত্মেশ্বর ভট্টাচার্য্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করায় গত বছরের সেপ্টেম্বর থেকে এ আদালতে বিচারক নেই। স্পেশাল জজ আদালতের বিচারক বাদশা আলমগীর স্বেচ্ছায় অবসরে যাওয়ায় প্রায় দুই মাস ধরে পদটি শূন্য রয়েছে। অপরদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রঞ্জন কুমার সাহা উপসচিব হয়ে গত তিন মাস আগে আইন মন্ত্রণালয়ে যোগদান করেন। এ আদালতেও কোনো বিচারক যোগদান করেননি। এ ছাড়া সিনিয়র সহকারী জজ আদালতের দুজনের মধ্যে একটি, সহকারী জজ আদালতে পাঁচজন বিচারকের মধ্যে চারটি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিনজনের মধ্যে দুটি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চারজনের মধ্যে একজন বিচারকের পদ শূন্য রয়েছে। সূত্রমতে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রায় তিন হাজার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ৭০০ এবং স্পেশাল জজ আদালতে ২৫০টি মামলাসহ অন্তত আট হাজার মামলার বিচার-কার্যক্রম বিলম্বিত হচ্ছে। প্রতিদিনই নতুন মামলা দায়ের হয়ে বাড়ছে মামলাজট। জেলার সাত উপজেলা থেকে কষ্ট করে আসা মামলার বাদী, বিবাদী ও সাক্ষীরা বিড়ম্বনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারপ্রার্থী বকশীগঞ্জ উপজেলা থেকে আসা আজেদা বেগম জানান, বিচারক না থাকায় তাঁর মামলার তারিখ বারবার পরিবর্তন হচ্ছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাদারগঞ্জ উপজেলার আবদুল মণ্ডলের জমিসংক্রান্ত একটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। কিন্তু বিচারক না থাকায় মামলাটির বিচার-কার্যক্রম বিলম্বিত হচ্ছে। গত মঙ্গলবার আবদুল মণ্ডল বলেন, ‘জজ সাব বইলেই রায় হব। কয় মাস ধইরা খালি ডেট পড়তাছে। মামলাডা শেষ অইলেই বাঁচি গো।’ আরও কয়েকজন বিচারপ্রার্থী মামলার বাদী, বিবাদী ও সাক্ষীদের সঙ্গে কথা বলে একই সমস্যা পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, স্পেশাল জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক না থাকায় জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল-আমীনের ওপর চাপ বেড়েছে। নিজ আদালতের বিচার-কার্যক্রমের পাশাপাশি তিনি ওই তিন আদালতের নতুন মামলা নথিভুক্ত ও জামিন শুনানির কাজ চালিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল-আমীনের সঙ্গে তাঁর কার্যালয়ে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া প্রথম আলোকে বলেন, বিচারকসংকটের কারণে বিচারাধীন মামলাগুলো বিলম্বিত হচ্ছে, বিচারপ্রার্থীরা আদালতে এসে ঘুরে যাচ্ছেন। তাই এখানে প্রয়োজনীয়সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। বিচারকসংকটের বিষয়টি আইনজীবী সমিতির পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এর সমাধান চাওয়া হয়েছে। জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. হাসিম উদ্দিন প্রথম আলোকে জানান, সারা দেশেই বিচারকসংকট রয়েছে। জামালপুর জেলা জজ আদালতের কয়েকজন বিচারকের চাকরি থেকে অবসর, বদলি ও পদোন্নতির কারণে এখানে এই সংকট দেখা দিয়েছে। প্রতিদিন নতুন মামলা দায়ের হচ্ছে।