জামালপুরে বিষ দিয়ে সাড়ে তিন একর জমির ধান বিনষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধানখেতে রাসায়নিক বিষ ছিটিয়ে প্রায় সাড়ে তিন একর জমির ফসল বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ৩০০ মণ ধানের ক্ষতি হয়েছে। জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের পূর্ব পাড়দিঘুলী খামারবাড়ী গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানান, খামারবাড়ী গ্রামের কৃষক ফরহাদ হোসেন ও মোয়াজ্জেম হোসেনের মধ্যে ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা রয়েছে। ফরহাদ হোসেন ও তাঁর ভাতিজারা এবার ওই জমিতে বিআর-২৮ জাতের বোরো ধান আবাদ করেছেন। গত বৃহস্পতিবার রাতে কে বা কারা খেতজুড়ে রাসায়নিক বিষ ছিটিয়ে দেয়। গতকাল শুক্রবার থেকে ধানের চারা মরে যেতে শুরু করেছে।উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ারা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে ধানখেতে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।ফরহাদ হোসেনের ভাতিজা মোহসীন হোসেন অভিযোগ করেন, মোয়াজ্জেম হোসেন ও তাঁর লোকেরা খেতে বিষ দিয়েছেন। মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘ফরহাদ হোসেন ও তাঁর লোকজন খেতে বিষ ছিটিয়ে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছেন।’