জামালপুরে বুনো হাতির তাণ্ডব ঘরবাড়ি ও ফসলের ক্ষতি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে পাথরের চর গ্রামে বুনো হাতির একটি দল আক্রমণ চালিয়ে একটি পাকাসহ ছয়টি ঘর ও আটটি শ্যালো ইঞ্জিনচালিত সেচপাম্প ভাঙচুর করেছে। হাতির পাল ওই গ্রামের ১৫ বিঘা জমির ভুট্টা ও গম নষ্ট করেছে। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলে হাতির ওই তাণ্ডব।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে সীমান্তবর্তী এলাকার মাখনের চর গ্রামের ১০৭৬ নম্বর পিলার দিয়ে ৩৬টি হাতির একটি পাল পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর গ্রামে ঢুকে পড়ে। রাত ১২টার দিকে হাতির পাল প্রথমে আব্দুল কুদ্দুস আলীর বাড়িতে ঢুকে একটি করে পাকা ও আধা পাকা ঘর ভাঙচুর করে। এরপর পুরো গ্রামে চলে হাতির তাণ্ডব। রাত একটার দিকে গ্রামবাসী মশাল জ্বালিয়ে হই-হুল্লোড় করলে ও ঢাকঢোল পেটালে হাতির পাল ফসলের মাঠে চলে যায়। সেখানে সোনা মিয়া, আয়ুব আলী, সোহেল রানা, নূর নবী, জালাল মিয়া, গোলাম মোস্তফা, আয়নাল আলী ও আরও একজনের (নাম জানা যায়নি) একটি করে শ্যালো ইঞ্জিনচালিত সেচপাম্প ও পাম্পের ঘর ভাঙচুর করে। এ ছাড়া তাঁদের প্রায় ১৫ একর জমির ফসল নষ্ট করেছে। গতকাল দুপুর ১২টার দিকে হাতির পাল পাহাড়ের দিকে চলে যায়।
পাথরের চর গ্রামের বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে ৩৬টি হাতির একটি পাল পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর গ্রামে প্রবেশ করে। এরপর আমার বড় ভাই আব্দুল কুদ্দুস আলীর বাড়িতে ঢুকে একটি পাকা বাড়ির দেয়াল ও একটি টিনশেড (আধা পাকা) ঘর ভেঙে ফেলেছে। এরপর সারা বাড়িতে হাতির তাণ্ডব চলে। হাতির আতঙ্কে বাড়ির লোকজন কোনো রকমে পালিয়ে প্রাণ রক্ষা পায়।’
পাথরের চর গ্রামের আয়ুব আলী বলেন, ‘হাতির পাল এক বিঘা জমির ভুট্টা শেষ (নষ্ট) করে ফেলেছে। ওই মাঠেই শ্যালো ইঞ্জিনচালিত সেচপাম্প ছিল। হাতির পাল সেচপাম্পটি পর্যন্ত ভেঙে ফেলেছে। হাতির আক্রমণের সময় পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলাম। তারপর জানতে পারি সব ফসল তছনছ করে ফেলেছে।’
পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল রানা বলেন, ‘হাতির তাণ্ডবের খবর পেয়ে ওই গ্রামে গিয়েছিলাম। সেখানে হাতি একটি পাকা ঘরের দেয়াল পর্যন্ত ভেঙে ফেলেছে। গত রাতে হাতি ওই গ্রামে ব্যাপক ক্ষতি করে। ওই সব গ্রামে বিদ্যুতের আলো না থাকায় হাতির আক্রমণ বেশি হচ্ছে। হাতির ক্ষতি থেকে রক্ষায় ওই সব গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। আমরা একটি তালিকা তৈরি করছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার ব্যবস্থাও করা হবে।’
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, হাতির আক্রমণে ওই গ্রামগুলোতে ক্ষতির পরিমাণ কমাতে ব্যবস্থা করা হবে। গত বছর ওই সব গ্রামে চারটি জেনারেটর দেওয়া হয়েছিল। সেগুলো আবার সচল করার ব্যবস্থা করা হবে। স্থায়ীভাবে হাতি আসা বন্ধেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।