জামালপুরে ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে গত সোমবার ব্যবসায়ীদের সংঘর্ষ ও র‌্যাবের মাইক্রোবাস ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল বুধবার র‌্যাব-১২-এর জামালপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক মুহম্মদ দেলোয়ার হোসেন এ মামলা করেন। জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ওরফে রেজনুসহ ১৩ জন ব্যবসায়ীকে আসামি করে এ মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে। র‌্যাবের মামলা দায়েরের পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের ঢাকাইপট্টি, সকালবাজার, জামে মসজিদ রোড, তমালতলা মোড়, মেডিকেল রোড ও দয়াময়ী মোড়ের চার শতাধিক দোকানপাট গতকাল সকাল ১০টা থেকে বন্ধ হয়ে যায়। জামালপুর চেম্বার র‌্যাবের এ মামলাকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে। চেম্বারের সচিব মোস্তাক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে অবিলম্বে ব্যবসায়ীদের বিরুদ্ধে করা এই মামলা প্রত্যাহার এবং যখন-তখন মোবাইল কোর্টের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়েছে।