জামালপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শ্যামল চন্দ্র সাহা, তাঁর গাড়িচালক আলমসহ চারজনের বিরুদ্ধে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রী অপহরণের অভিযোগে মামলা হয়েছে।জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দারা গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামল চন্দ্র সাহা ও তাঁর গাড়িচালক আলমকে হাতেনাতে আটক করে দেওয়ানগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। রাতেই তাঁদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করা হয়। ওই তরুণীর বাবা পুলিশকে জানান, তাঁদের বাড়ি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে। অপহরণের শিকার তাঁর মেয়ে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী। পূজার ছুটি পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে তিনি শেরপুর থেকে জামালপুর হয়ে দেওয়ানগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় একটি জিপ (নম্বর ঢাকা মেট্রো ঘ-১৩- ২৪২৯) তাঁর রিকশার সামনে দাঁড়ায়। জিপে থাকা দুজন তাঁকে রিকশা থেকে জোর করে অপহরণ করে তাতে উঠিয়ে নেয়। পথে মেলান্দহ উপজেলার আমবাড়িয়া এলাকায় শ্যামল চন্দ্র সাহা ওই গাড়িতে ওঠেন। দেওয়ানগঞ্জ উপজেলার পুল্লাকান্দি সেতুর ওপর দিয়ে দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকার দিকে নিয়ে যাওয়ার সময় ওই তরুণী চিৎকার করেন। পথচারীরা বাহাদুরাবাদ এলাকার বটতলায় জিপ থামিয়ে ওই তরুণীকে উদ্ধার এবং শ্যামল চন্দ্র সাহা ও তাঁর গাড়িচালক আলমকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে ঘটনার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে অপহরণের অভিযোগে মামলা করেন। মামলার আসামিরা হলেন: ব্যবসায়ী শ্যামল চন্দ্র সাহা, তাঁর গাড়িচালক আলম, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মাহমুদ উল্লাহ ও কর্মচারী দীপু। আসামি মাহমুদ উল্লাহ ও দীপু পলাতক। জানা গেছে, দেওয়ানগঞ্জ থানার পুলিশ গতকাল শুক্রবার বিকেলে শ্যামল চন্দ্র সাহা ও আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।আদালতে নেওয়ার পথে শ্যামল চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে আটক এবং তাঁর বিরুদ্ধে অপহরণ মামলা দেওয়া হয়েছে।দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ওই তরুণীর বাবার দায়ের করা মামলার আসামি শ্যামল চন্দ্র সাহা এবং তাঁর গাড়িচালক আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য দুজন আসামি মাহমুদ উল্লাহ ও দীপুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।