জামালপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে ভাঙন শুরু হয়েছে। গত দুই সপ্তাহে শতাধিক পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। এবারের ভাঙনের জন্য তারা প্রতিবেশী শেরপুর সদরের ডাকপাড়ায় ব্রহ্মপুত্র নদের বাঁধকে দায়ী করেছে।ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বাঁধটি ভেঙে দেওয়া, জামালপুর শহরঘেঁষা পশ্চিম তীরের ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ এবং তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।জানা গেছে, জামালপুর শহরঘেঁষা পুরাতন ব্রহ্মপুত্র নদের নাওভাঙাচরে ভাঙন দেখা দিয়েছে গত দুই বছর ধরে। গত বছরের বর্ষায় অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নেয়। স্থানীয়দের অভিযোগ, গত শুকনো মৌসুমে শেরপুর সদর উপজেলার ডাকপাড়া এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের মূল ধারায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ বাঁধ দেওয়া হয়েছে। এতে ভাটির দিকে নদীর পানিপ্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বর্ষার শুরুতেই পানি জামালপুর শহরঘেঁষা ব্রহ্মপুত্রের পশ্চিম তীরে আঘাত হানছে। এতে এবারও ভাঙন শুরু হয়েছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ নদীতীরে প্রতিদিনই আবাদি জমি, বসতভিটা ও গাছপালা বিলীন হচ্ছে। ব্রহ্মপুত্র নদে নৌকা বেয়ে এবং মাছ ধরে সংসার চালান স্থানীয় বাসিন্দা মো. শাহজাদা (৬৫)। তাঁরা এই চরে ৫৫ বছর ধরে থাকছেন। তাঁর টিনের তিনটি বসতঘর সরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, ‘শেরপুরের ডাকপাড়ায় বাঁধ না দিলে নাওভাঙা গেরাম ভাঙত না। বান্ধে বারি খাইয়া নদীর পানি ঘুইরা আমগরে জামালপুরের দিক আইতাছে। দুই সপ্তাহ ধইরা নদীর পাড় সুমানে ভাঙতাছে। এইবার আর কেউ থাকবার পাব না গেরামে।’জামালপুর পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন জানান, ভাঙনকবলিত নাওভাঙাচরের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা এখনো করা হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জামালপুর পৌর পরিষদের কাছে তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।জেলা প্রশাসক মো. সিরাজ উদ্দিন আহমেদ বলেন, ভাঙনকবলিত নাওভাঙাচর পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শেরপুরের বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ব্রহ্মপুত্রের পানিপ্রবাহ জামালপুর শহরের দিকে আসার কারণ যদি ওই বাঁধ হয়ে থাকে তাহলে সেটা নিয়ে এখনই ভাবতে হবে।