জামালপুরে ভাঙনে বিলীন হচ্ছে ভিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দশানী নদীর ভাঙনে গত ছয় দিনে প্রায় ৫০টি বসতভিটা বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
গত শনি ও রোববারে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ও সাধুরপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, নদীর পাড় ভেঙে অনেক গ্রামের বাড়ি-ঘর, মাঠ নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির পড়েছে আরও শতাধিক মানুষের বাড়ি-ঘর।
স্থানীয়রা বলেন, গত বুধবার থেকে দশানী নদীর পানি কমার সঙ্গে সঙ্গে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী, কুতুবেরচর, তেতুলতলি এবং মেরুরচর ইউনিয়নের কলকিহারা, চর আইরমারী, খেওয়ারচর, মাইছেনির চর, শেখেরচর ও বাঘাডোবা গ্রামে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ফলে ওই সব গ্রামের প্রায় ৫০টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যায়।
মেরুরচর ইউনিয়নের বাঘাডোবা গ্রামের আক্কাস আলী বলেন, তাঁদের বাড়ি নদীর পাড় থেকে অনেক দূরে ছিল। কিন্তু গত তিন দিনে তাঁর ও তাঁর পাঁচ ভাইয়ের বসতবাড়ি চোখের সামনে নদী গর্ভে চলে গেছে। বাড়িঘর হারিয়ে বর্তমানে তাঁরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
শেখেরচর গ্রামের আতিকুর রহমান বলেন, নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়। দ্রুত ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আইরমারী গ্রামে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ গ্রামটি হারিয়ে যেতে পারে। অব্যাহত ভাঙনে নয়-দশটি গ্রামের অনেক ঘরবাড়ি-জমি-স্থাপনা হারিয়ে গেছে। ফলে গৃহহারা কয়েক শত মানুষ আশ্রয় নিয়েছেন রাস্তায় ।
মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা বলেন, ভাঙন কবলিত এলাকায় সরকারি-বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হস্তক্ষেপ কামনা করেন।
পাউবো জামালপুরের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেছেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীন বলেন, ‘ক্ষতিগ্রস্ত গ্রামগুলো তিনি পরিদর্শন করেছেন। নদী ভাঙনের শিকার পরিবারের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছি।’