জামালপুরে ভাতাবঞ্চিত দুস্থ মায়েদের বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ভাতাবঞ্চিত দুস্থ কর্মজীবী মায়েরা গতকাল বুধবার জামালপুর জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। তাঁরা ওই কার্যালয়ে তালা মেরে কর্মকর্তাদের অবরুদ্ধ এবং স্থানীয় পাঁচরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শী ও কর্মজীবী মায়েদের ভাষ্যমতে, সরকারি ভাতাবঞ্চিত দুস্থ কর্মজীবী চার শতাধিক মা গতকাল সকাল থেকে নয়াপাড়ায় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জড়ো হন। বেলা তিনটার দিকে তাঁরা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে তালা লাগিয়ে স্থানীয় পাঁচরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধ চলাকালে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী একদল মহিলা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুস্থ মায়েদের শান্ত করেন। তিনি আগামী রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। এরপর বিক্ষুব্ধ মায়েরা বাড়ি ফিরে যান। কর্মজীবী প্রসূতি আলো বেগম বলেন, সরকারি ভাতার আবেদনের জন্য ৬০০ টাকা ঘুষসহ তাঁর এক হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু তিনি ভাতার কার্ড পাননি। দুই মাস বয়সী শিশুর মা আলিয়া বেগম বলেন, ‘আমি তো ফটো, জন্মনিবন্ধন, সব ঠিকঠাক মতোই দিছি। কিন্তু তালিকায় আমার নাম আহে নাই।’ মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তর থেকে কর্মজীবী দুস্থ মায়ের সহায়তা তহবিল কর্মসূচির আওতায় একজন দুস্থ মাকে প্রতি মাসে ৩৫০ টাকা হারে দুই বছর ভাতা দেওয়া হবে। গত বছরের জুলাই মাসে এ কর্মসূচির অনুমোদন আসে। কর্মসূচির নিয়ম অনুযায়ী একজন দুস্থ প্রসূতি মা এবং দুই শিশুসন্তানের মা এ সুবিধা ভোগ করবেন। একজন দুস্থ মা অগ্রণী ব্যাংকে তাঁর ভাতাকার্ডটি দেখালেই ভাতা তুলতে পারবেন। এ জন্য জেলায় আবেদন জমা পড়েছিল প্রায় তিন হাজার। এর মধ্যে এক হাজার ৩০০ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকা থেকে বাদ পড়া দুস্থ মায়েদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর দিবা ফারহানা প্রথম আলোকে বলেন, ‘আমাদের ওয়ার্ড থেকে যে তালিকা দেওয়া হয়েছিল সেখান থেকে বেশির ভাগ দুস্থ মায়ের নাম বাদ দেওয়া হয়েছে। ভাতা পাওয়ার যোগ্যদেরই বাছাই করেছি। তাদের কাছ থেকে কোনো টাকা নিইনি। কিন্তু মহিলাবিষয়ক কর্মকর্তা তাদের মনগড়া তালিকা তৈরি করেছেন।’ তিনি অভিযোগ করেন, তদন্ত করা হলে এ কর্মসূচি নিয়ে অনেক অনিয়ম-দুর্নীতি বেরিয়ে আসবে। এ প্রসঙ্গে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান বলেন, ‘এ কর্মসূচির টাকা যাতে সঠিকভাবে বিতরণ হয় সেই চেষ্টাই করছিলাম। পৌরসভার নারী কাউন্সিলররা দুস্থ মায়েদের কাছ থেকে সুবিধা নিয়ে ভাতা পাইয়ে দিতে আমাদের চাপ দিচ্ছেন। আমরা কোনো অনিয়ম করিনি।’