জামালপুরে ভিজিএফ কার্ড নিয়ে আ.লীগের দুই নেতার হাতাহাতি
জামালপুর পৌর ভবনে গত বৃহস্পতিবার দুপুরে ভিজিএফ কার্ডের বণ্টন নিয়ে তুমুল হট্টগোল হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা ও প্যানেল মেয়রের হাতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাঞ্ছিত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে পৌরসভার ১২টি ওয়ার্ডের দুস্থ পরিবারের জন্য তিন হাজার ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়। ঈদের আগে প্রতিটি কার্ডে ১০ কেজি করে চাল দেওয়া হবে। প্রকৃত দুস্থ পরিবারের তালিকা করে পৌর পরিষদ ও পৌর প্রশাসনের তত্ত্বাবধানে এসব কার্ড বিতরণ করার নিয়ম রয়েছে। এর মধ্যে শহর আওয়ামী লীগ এক হাজার ৩০০ কার্ড বিতরণের দায়িত্ব নেয়। বাকি কার্ডগুলোর মধ্যে পৌরসভার মেয়র নিয়েছেন ৯০০ কার্ড এবং ১২টি ওয়ার্ডের ১৬ জন ওয়ার্ড কাউন্সিলরকে ৮০০ কার্ড দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম ফরিদ বৃহস্পতিবার বেলা একটার দিকে পৌর ভবনের দোতলায় তাঁর কার্যালয়ে অন্য কাউন্সিলরদের সঙ্গে ভিজিএফ কার্ড কম পাওয়ার বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিক মালিক এক হাজার ৩০০ জন দুস্থ ব্যক্তির তালিকা জমা দিয়ে ভিজিএফ কার্ড নিতে গিয়ে কাউন্সিলরদের তোপের মুখে পড়েন। এ সময় তারিক মালিক প্যানেল মেয়র গোলাম ফরিদকে গালিগালাজ করেন। একপর্যায়ে গোলাম ফরিদ শার্টের কলার ধরে তারিক মালিককে চড় মারেন। এ নিয়ে সেখানে তুমুল হট্টগোল বেধে যায়।খবর পেয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এস মিজানুর রহমান ও শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা পৌর ভবনে গিয়ে বিষয়টির মধ্যস্থতা এবং পরিবেশ শান্ত করেন।গোলাম ফরিদ প্রথম আলোকে বলেন, ‘তারিক মালিক ভিজিএফ কার্ডের ব্যাপারে কয়েক দিন আগে আমাকে মুঠোফোনে গালিগালাজ করেছেন। আজও তিনি আমাকে যা-তা ভাষায় গালিগালাজ করেন। আমিসহ ১২ জন কাউন্সিলর আর চারজন সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে যে কার্ড দেওয়া হয়েছে, আমরা জনপ্রতিনিধিরা এগুলো নিয়ে এলাকায় যাব কীভাবে? আমি এসব বলায় তারিক মালিক আমার দিকে তেড়ে আসেন। তাই তাঁর গায়ে হাত দিতে বাধ্য হই।’তবে জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিক মালিক প্রথম আলোকে বলেন, ‘আমরা দলীয়ভাবে এসব কার্ড প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করব। প্যানেল মেয়রের কাছ থেকে কার্ডগুলো আনতে গেলে তিনি আমাকে মারধর করেন। একপর্যায়ে আমি পৌর ভবন থেকে বেরিয়ে যাই।’জামালপুর পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী বলেন, ‘পৌর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শহর আওয়ামী লীগকে এক হাজার ৩০০ কার্ড বিতরণের দায়িত্ব দেওয়া হয়। ঘটনার সময় আমি পৌর ভবনে ছিলাম না। পরে গিয়ে জানতে পারি, প্যানেল চেয়ারম্যানের সঙ্গে শহর আওয়ামী লীগের নেতার হাতাহাতি হয়েছে। এটি পৌর পরিষদের কোনো ব্যাপার নয়। মূলত ভিজিএফ কার্ড নিয়ে আওয়ামী লীগের দুই নেতার মধ্যে গন্ডগোল হয়েছে।’