জামালপুরে মনোনয়ন না পেয়ে অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় গত শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল, ট্রাক ভাঙচুর ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন তাঁর সমর্থক নেতা-কর্মীরা। রেলস্টেশন অবরোধ করে আটকে দেন যাত্রীবাহী ট্রেন চলাচল।
নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ডে জামালপুর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়লে গত শুক্রবার রাত থেকে সারা দেশের সঙ্গে এ জেলার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম বলেন, ফারুক আহম্মেদ চৌধুরীকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাঁদের ডাকা এই ধর্মঘট চলবে।
প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খবর আসে, চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ আর জাহিদ আনোয়ারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরপরই ফারুক আহম্মেদের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের পাঁচ রাস্তা মোড় থেকে মিছিল বের করেন। সাড়ে ১০টার দিকে তাঁরা দয়াময়ী মোড় চত্বরে গিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করেন। রেলগেটপাড় এলাকায় রেলগেটের প্রতিবন্ধক নামিয়ে আগুন জ্বালান। এতে জামালপুর রেলস্টেশনে আটকা পড়ে আন্তনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস। রাত আড়াইটা পর্যন্ত ট্রেনটি আটকে থাকে।
এরই মধ্যে স্টেশন রোড এলাকায় বিক্ষোভকারীরা একটি ট্রাক ভাঙচুর করলে দোকানপাট বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা এ জেলা থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। নেতা-কর্মীরা দয়াময়ী এলাকায় জাহিদ আনোয়ারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে রাস্তায় আগুন জ্বালিয়ে দেন।
এরপর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বকুলতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। সেখান থেকে রেলস্টেশনে গিয়ে ঢাকা থেকে আসা দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস আধা ঘণ্টা আটকে রাখেন তাঁরা।
জামালপুর বাস টার্মিনালে গতকাল সকাল থেকে বাসের অপেক্ষায় বসে থাকা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় যাওয়ার জন্য মাদারগঞ্জ থেকে পরিবার নিয়ে টার্মিনালে এসে বসে আছি। কোনো বাস চলাচল করছে না। সাধারণ মানুষকে জিম্মি করে রাজনৈতিক নেতারা সব সময় ফয়দা লুটে নিতে ব্যস্ত থাকেন।’
এ বিষয়ে জানতে গতকাল ফারুক আহম্মেদের ব্যক্তিগত কার্যালয়ে গেলেও তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন: জাহিদ আনোয়ারকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ ও তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।