জামালপুরে মাদ্রাসাছাত্র খুন, গ্রেপ্তার ১, রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র শাহ জামাল ওরফে স্বাধীন নিহত হওয়ার ঘটনায় গত বুধবার মামলা হয়েছে। ওই হত্যার ঘটনায় মিরান নামের এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ মুখ্য বিচারিক হাকিমের আদালতে মিরানকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আগামী রোববার রিমান্ডের আবেদনের শুনানি হবে।জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্বাধীন ছুরিকাহত হয়। তার বাড়ি শহরের বাজারীপাড়া এলাকায়। নিহতের খালাতো ভাই শিশু রুদ্র জানিয়েছে, ওই রাতে শহরের একটি মেলা থেকে স্বাধীনের সঙ্গে সে বাসায় ফিরছিল। বাসার কাছাকাছি পৌঁছাতেই পাঁচ-সাতজন কিশোর তাদের পথ রোধ করে স্বাধীনের (১৪) বুকে ছুরিকাঘাত করতে থাকে। স্থানীয় লোকজন জানায়, গুরুতর আহতাবস্থায় স্বাধীনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহতের বাবা সাইফুল ইসলাম জানান, স্বাধীন গত বছর জামালপুর উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত। সেখানে কিছু বখাটে ছাত্র তাকে উত্ত্যক্ত করত। এ বছর স্বাধীনকে জামালপুর বেলটিয়া কামিল মাদ্রাসায় দাখিল শ্রেণীতে ভর্তি করা হয়। স্বাধীন ওই বখাটেদের সঙ্গে মিশত না বলেই তাকে খুন করা হয় বলে অভিযোগ করেন তিনি। গত বুধবার শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ মামলায় মিরানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।