জামালপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের কম্পপুর এলাকায় মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য বৃদ্ধ জামাল ফকিরের বাড়িতে গত মঙ্গলবার সকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাঁর একটি ঘর ভাঙচুর এবং একই পরিবারের সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। চাঁদাবাজি ও মাদকের আড্ডার প্রতিবাদ করার জের ধরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কম্পপুর এলাকার শাহা আলী ও তার লোকজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা জামাল ফকিরের ছেলে মোশারফ হোসেনকে নির্যাতনের উদ্দেশ্যে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মুক্তিযোদ্ধার একটি ঘরের টিনের বেড়া কুপিয়ে তছনছ এবং আসবাব ভাঙচুর করে। তারা মোশারফ হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। হামলায় নারী-পুরুষসহ আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে মোশারফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা জামাল ফকির বাদী হয়ে শাহা আলীসহ নয়জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা করেছেন। মুক্তিযোদ্ধা জামাল ফকির অভিযোগ করেন, চাঁদাবাজি ও মাদকের আড্ডায় সমস্যা হয় বলে তাঁর ভাতিজা চান মিয়ার একটি চায়ের দোকান বন্ধ করে দেওয়ার জন্য সন্ত্রাসী শাহা আলী হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে তাঁর ছেলে মোশারফ ও এলাকার কয়েকজন ব্যক্তি প্রতিবাদ করলে সন্ত্রাসীরা মোশারফকে হত্যার উদ্দেশ্যে তাঁদের বাড়িতে হামলা চালায়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার প্রথম আলোকে জানান, বৃদ্ধ মুক্তিযোদ্ধা জামাল ফকিরের দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।