জামালপুরে র্যাব-ব্যবসায়ী পাল্টাপাল্টি ধাওয়া
জামালপুর শহরে গতকাল সোমবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় র্যাবের একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনা ঘটে। র্যাব ফাঁকা গুলি বর্ষণ করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেট জামাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শহরের তমালতলা রোডে ইসলাম ব্রাদার্স নামের একটি প্রসাধনসামগ্রীর দোকানে যান। ভ্রাম্যমাণ আদালত নকল পণ্য পেয়ে দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ওই দোকানের মালিক-কর্মচারীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আশপাশের ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে তাঁকে লাঞ্ছিত করেন। ম্যাজিস্ট্রেট র্যাবকে খবর দিলে র্যাবের সদস্যরা একটি সাদা মাইক্রোবাসে করে ঘটনাস্থলে ছুটে যান। উত্তেজিত ব্যবসায়ীরা র্যাবের মাইক্রোবাসটি ভাঙচুর করেন। ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে র্যাবের সদস্যরা আটটি ফাঁকা গুলি ছোড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।এর প্রতিবাদে ব্যবসায়ীরা বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শহরের দোকানপাট বন্ধ রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক মৃণাল কান্তি দেব ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।র্যাব-১২-এর সহকারী পরিচালক লেফটেন্যান্ট সি এ এইচ মাহমুদ ফাঁকা গুলি বর্ষণের কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ম্যাজিস্ট্রেটকে আটক করা হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে যাই। উত্তেজিত ব্যবসায়ীরা মাইক্রোবাসের ওপর হামলা চালায় এবং আমাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পাল্টা আমাদের পক্ষ থেকেও আটটি ফাঁকা গুলি ছুড়লে ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে সেখান থেকে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়েছে—র্যাবের এ বক্তব্য সঠিক নয়।