জামালপুরে শামীম হত্যা মামলার প্রধান আসামির স্বীকারোক্তি
প্রেমঘটিত বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত বছরের ৫ জুন রাতে জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শামীম আহমেদকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যা মামলার প্রধান আসামি আফজাল উদ্দিন (১৯) এ তথ্য দিয়েছেন বলে পুলিশ দাবি করেছে। গত শনিবার রাতে শহরের মুকুন্দবাড়ী এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। পুলিশের দাবি, আফজাল পুলিশকে জানিয়েছেন, তাঁর বাড়ি জামালপুর শহরের মুকুন্দবাড়ী এলাকায়। তিনি প্রতিবেশী এক মেয়েকে ভালোবাসতেন। কিন্তু বন্ধু শামীম তাঁকে ওই মেয়ের সঙ্গে প্রেম করতে বাধা দেন এবং একপর্যায়ে তাঁকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শামীমকে হত্যা করার পরিকল্পনা করেন। সে অনুযায়ী তিনি শামীম ও রিপনকে নিয়ে গত বছরের ৫ জুন রাতে সদর উপজেলার গুদাশিমলা গ্রামে বেড়াতে যান। বাড়ি ফেরার পথে তাঁরা দুই বন্ধু মিলে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে শামীমকে হত্যা করেন।