জামালপুরে শিশু নির্যাতনের অভিযোগে কাউন্সিলর গ্রেপ্তার
জামালপুর পৌর শহরে রকিবুল ইসলাম শ্রাবণ (১৪) নামের এক শিশুকে নির্যাতনের অভিযোগে পৌরসভার এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের বানিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জামাল পাশা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নির্যাতনের শিকার হওয়া সরকারি শিশু পরিবারের সদস্য রকিবুল ইসলাম শ্রাবণ। সে শহরের বানিয়া বাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও সরকারি শিশু পরিবার সূত্র জানায়, বুধবার শহরের বানিয়া বাজার উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছিল। ক্রীড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর জামাল পাশা। বেলা দেড়টার দিকে ওই কাউন্সিলরের দূর সম্পর্কের ভাতিজা শাকিল আহম্মেদের (১৩) সঙ্গে রকিবুল ইসলামের ঝগড়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই কাউন্সিলরকে বিষয়টি সমাধানের জন্য বলে। এ সময় ওই কাউন্সিলর রকিবুলকে বিদ্যালয়ের বাইরে নিয়ে মারধর করেন। মারধরে ওই শিশুর নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। এ সময় শিশুটির সহপাঠীরা তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটি এখনো সেখানে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় বুধবার রাতে জামালপুরের সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ জসিম উদ্দিন বাদী হয়ে ওই কাউন্সিলরসহ পাঁচ-ছয়জনকে আসামি করে শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কাউন্সিলরকে গ্রেপ্তার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, শিশু নির্যাতনের অভিযোগে ওই কাউন্সিলরকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।