জামালপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা একজন গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহ উপজেলার হরিপুরে গ্রামে রোববার রাতে একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের বাসিন্দা মো. মমিনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির নাম জোসনা আক্তার (১১)। সে গ্রামের দরিদ্র কাঠমিস্ত্রি জহুরুল হকের মেয়ে এবং স্থানীয় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পুলিশ ও পারিবারের ভাষ্যমতে, জোসনা রোববার বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির পর থেকেই নিখোঁজ ছিল। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী মমিন তাঁর বাড়ির পেছনে বাঁশঝাড়ে নিয়ে জোসনাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। রাত ১১টার দিকে জোসনার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মমিন। তবে গ্রামবাসীর সহায়তায় মেলান্দহ থানার পুলিশ রাত ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন প্রথম আলোকে জানান, সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে রাতেই জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। গতকাল সোমবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও জানান, শিশুটির বাবা জহুরুল হক ধর্ষণ ও হত্যার অভিযোগে মেলান্দহ থানায় একটি মামলা করেছেন। মামলায় মমিনকে আসামি করা হয়েছে।