জামালপুরে শ্রমিক দলের বর্ধিত সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল শনিবার শিল্পকলা একাডেমীতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। সভা চলাকালে প্রতিপক্ষের হামলায় অর্ধশতাধিক প্লাস্টিকের চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চেয়ারের আঘাতে ১০ জনের বেশি নেতা-কর্মী আহত হন।জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে গতকাল শনিবার বেলা ১১টায় বর্ধিত সভা শুরু হয়। শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবুল খায়ের, শিক্ষাবিষয়ক সম্পাদক শফিকুল ইসলামসহ জামালপুর জেলার সাতটি উপজেলা থেকে তাদের প্রায় দেড় শ নেতা-কর্মী বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় বহিরাগত দলীয় কিছুসংখ্যক নেতা-কর্মী সভাস্থলে হামলা চালান। তাঁরা ধর ধর বলে চিত্কার দিলে সভাস্থলের নেতা-কর্মীরা পালিয়ে যান। এ সময় তাঁরা সভাস্থলে অর্ধশতাধিক প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেন। চেয়ারের আঘাতে ১০ জনের বেশি নেতা-কর্মী আহত হন।জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বার অভিযোগ করেন, ‘বর্ধিত সভা চলাকালে শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা সভাস্থলে হামলা চালায়। একপর্যায়ে তারা প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে। এর জের ধরে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। পরে আমার বাসায় নেতা-কর্মীদের জমায়েত করে বর্ধিত সভা শেষ করি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা বিএনপির সভাপতির কাছে অভিযোগ করা হয়েছে।’ শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শ্রমিক দলের বর্ধিত সভায় গন্ডগোলের সময় আমি শিল্পকলা একাডেমীতে উপস্থিত ছিলাম। তবে ওই গন্ডগোলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’জেলা বিএনপির আহ্বায়ক আমজাদ হোসেন মল্লিক শ্রমিক দলের সভা পণ্ড হয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি সভা পণ্ড হয়ে যাওয়ার কথা শুনেছি। দোষীদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।