জামালপুরে সংঘর্ষে একজন নিহত
জমি নিয়ে বিরোধের জের ধরে জামালপুর সদর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আবদুল করিম শেখ নামের এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার মহুয়াডাঙ্গা গ্রামে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মহুয়াডাঙ্গা চরের জমি দখল নিয়ে স্থানীয় ভূঁইয়া ও শেখ পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল দুই পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে করিম (৩০) ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নয়জনকে আটক করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।