জামালপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
জামালপুরে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বিল্লাল হোসেন মেলান্দহ উপজেলার চাকদহ চরপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক (সম্মান) বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটার দিকে জামালপুর-ইসলামপুর সড়কের মেলান্দহ উপজেলার ডেফলাঘাট এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বিল্লাল হোসেন নিহত হন। এ সময় একই উপজেলার বয়ড়াডাঙ্গা গ্রামের হাসেম মিয়ার ছেলে সেনাসদস্য তানভীর হাসান (২৫) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। তবে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।