জামালপুরে সাংসদকে নোটিশ, ফুলপুরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে গতকাল সোমবার সাবেক তথ্যমন্ত্রী ও সাংসদ আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা কমিটি। পক্ষপাতমূলক আচরণ করায় ময়মনসিংহের ফুলপুর থানার ওসিকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জামালপুর জেলা আওয়ামী লীগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ শাহান শাহ ও জামালপুর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদের ভাতিজা বতমান মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী। পরে মেয়র পদে দলীয় মনোনয়ন পান মো. শাহনেওয়াজ শাহান শাহ। মনোনয়ন না পেয়ে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। গতকাল সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে কেন জামালপুর-১ আসনের সাংসদকে দল থেকে বহিষ্কার করা হবে না, তা সাত দিনের মধ্যে তাঁকে (সাংসদ) জানাতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংসদ আবুল কালাম আজাদ বলেন, ‘দলীয় প্রার্থীর বিপক্ষে যাইনি। পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত আমি নির্বাচনী এলাকায়ও যাইনি।’
ইসি সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলপুর থানার ওসি মাজহারুল হকের বিরুদ্ধে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন মেয়র প্রার্থীর সমর্থকদের অযথা ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই গতকাল ইসির পক্ষ থেকে তাঁকে প্রত্যাহারের জন্য পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা সুব্রত পাল বলেন, ইসির মাধ্যমে ওসিকে প্রত্যাহারের নির্দেশ পেয়েছি।