ভারতের সীমান্তঘেঁষা জামালপুরের দুই উপজেলার আটটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বুনো হাতির আতঙ্কে রয়েছে। গত পাঁচ বছরে তিন শতাধিক মানুষ হাতির আক্রমণের শিকার হয়েছে। নিহত হয়েছে চারজন।
এলাকাবাসীর ভাষ্যমতে, ওই সময়ে সাত শতাধিক কৃষকের প্রায় ১১ কোটি ২৫ লাখ টাকার ফসল নষ্ট করেছে হাতির পাল। তছনছ করেছে কমপক্ষে দেড় শতাধিক ঘরবাড়ি। তবে কৃষি কর্মকর্তাদের দাবি, ওই সময়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা।
গ্রামবাসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, সীমানার ওপারে ভারতের বনাঞ্চলে অনেক হাতির বাস। বোরো, আমন মৌসুমসহ সময়ে-অসময়ে হাতির পাল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া, গারোপাড়া, বালুর চর, দিঘলাকোনা ও সোমনাথপাড়া এবং দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চর, পাথরের চর ও বাঘার চর গ্রামের সমতল বনাঞ্চল পেরিয়ে আবাসিক ও কৃষিপ্রধান এলাকায় চলে আসে। হাতি বাড়িঘর, ফসলি জমি ও বাগানের গাছপালা খেয়ে ও তছনছ করে ফিরে যায়।
হাতির আক্রমণে গত ২৪ এপ্রিল সাতানিপাড়া গ্রামের সাজু মিয়া (২২), ২০১৩ সালে সোমনাথপাড়া গ্রামের ফিলিপ সাংমা, ২০১০ সালে মাখনের চর গ্রামের আশরাফ হোসেন (২৬) ও বাঘার চর গ্রামের তালেব আলী (২৫) মারা যান। গত বছরের ১৭ অক্টোবর হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে মাখনের চরবাসী জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতে। ফাঁদের তারে জড়িয়ে মারা যায় দুটি হাতি।
গ্রামের লোকজন বলেন, হাতির পাল প্রতিবছর দেওয়ানগঞ্জের তিনটি গ্রামের ৬০০ একর জমির ১ কোটি ৫০ লাখ টাকার ফসলের খেত নষ্ট করছে। গত পাঁচ বছরে নষ্ট করেছে ৭ কোটি ৫০ লাখ টাকার ফসল। হাতি প্রতিবছর বকশীগঞ্জের পাঁচটি গ্রামের দুই শতাধিক কৃষকের ৩০০ একর জমির ৭৫ লাখ টাকার ফসল নষ্ট করছে। গত পাঁচ বছরে নষ্ট করেছে ৩ কোটি ৭৫ লাখ টাকার ফসল। এতে পাঁচ বছরে দুই উপজেলার সাত শতাধিক কৃষকের ১১ কোটি ২৫ লাখ টাকার ফসল নষ্ট হয়েছে।
তবে কৃষি কার্যালয় সূত্র জানায়, হাতির পাল প্রতিবছর দেওয়ানগঞ্জ উপজেলার তিনটি গ্রামের পাঁচ শতাধিক কৃষকের ৪৫০ একর জমির ফসল নষ্ট করছে। এতে বছরে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হচ্ছে। গত পাঁচ বছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। হাতি প্রতিবছর বকশীগঞ্জের পাঁচ গ্রামের দুই শতাধিক কৃষকের প্রায় ১৭৫ একর জমির ফসল নষ্ট করছে। এতে বছরে ৪৩ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি হচ্ছে। পাঁচ বছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা। সে হিসাবে দুই উপজেলায় পাঁচ বছরে ৭ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করার প্রকল্প এখনো নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। প্রায় একই কথা বলেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনও।
এলাকাবাসী বলেন, তাঁরা পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ এবং পাহাড়ের পাদদেশে চাষাবাদ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করেন। এর ওপর প্রতিবছর মার্চ-এপ্রিল ও অক্টোবর-নভেম্বরে প্রায় দিনই হাতির আক্রমণ দিশেহারা করে দেয় তাঁদের। হাতির আতঙ্কে অনেক জমি পতিত রাখতে হয়। হাতির তাণ্ডবের কারণে অনেকে ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন।
মাখনের চর গ্রামের মালেকা বেগম বলেন, ‘অল্প একটু জমিতে চাষ করে কোনো রকমে সংসার চলছিল। দুটি টিনশেড ঘর ছিল, হাতি ভেঙে দিয়েছে। একটি গরু ও তিনটি ছাগলও মেরে ফেলেছে হাতি। এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।’
হাতির আক্রমণে আহত বালুর চর গ্রামের খোকন মিয়া বলেন, ‘হাতির আক্রমণে প্রাণে বেঁচে গেলেও আহত হয়ে ঘরে পড়ে আছি। কৃষক মানুষ আমি, দিন আনি দিন খাই। একটি টাকাও কারও কাছ থেকে সহযোগিতা পাই না।’
মাখনের চর গ্রামের নূরুজ্জামান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) গেট খুলে না দিলে বাংলাদেশে হাতির পাল আসতে পারত না। স্বাধীনতার এত বছর পরও হাতি আসা বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, হাতি তাড়াতে গ্রামের বাসিন্দাদের চারটি জেনারেটর, ৩০টি টর্চলাইট ও ২০টি সোলার প্যানেল দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বন বিভাগ আমাদের সঙ্গে সমন্বয় করলে হাতি তাড়ানো আরও সহজ হতো।
শেরপুর বন্য প্রাণী বিভাগের কর্মকর্তা মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, হাতির পাল যখন ভারতীয় সীমান্ত এলাকায় তাণ্ডব চালায়, সেই সময় ভারতের সীমান্তবর্তী গেটগুলো খুলে দেওয়া হয়। হাতি প্রতিরোধে গ্রামগুলোতে কমিটি করা হচ্ছে। গত জানুয়ারিতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভারতীয় বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে করণীয় বিষয়ে আলোচনা করেছে। লোকবলের অভাবে হাতির আক্রমণ রোধে কার্যকর তেমন পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।