জামালপুরে স্কুলছাত্র খুন গ্রেপ্তার ১
জামালপুর সদর উপজেলার চর বৈঠামারী গ্রামের সাজেদুল ইসলাম নামের এক স্কুলছাত্রকে গতকাল শনিবার দুপুরে শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আক্কাছ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রক্তমাখা শাবল উদ্ধার করা হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, চর বৈঠামারী গ্রামের দরিদ্র কৃষক সানোয়ার হোসেনের ছেলে সাজেদুল (১৩) স্থানীয় ঝাউলা গোপালপুর উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। গতকাল সে স্কুলে যায়নি। বেলা একটার দিকে সে বাড়ি থেকে বের হয়। এরপর পৌনে দুইটার দিকে পাশের বাড়ির একটি বাঁশঝাড়ের নিচে তাঁর লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।স্থানীয় নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, সাজেদুলের মরদেহে অন্তত ৪০টি আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় আক্কাছকে (৩৬) আসামি করে সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। আক্কাছকে তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। আজ রোববার আদালতে হাজির করা হবে।