জামালপুরে স্কুলছাত্র হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
জামালপুর শহরের স্কুলছাত্র শাহজামাল ইসলাম ওরফে স্বাধীন হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলো: শহরের মিয়াপাড়ার সাদ্দাম হোসেন (১৮), বাজারিপাড়ার সেতু (১৯), কম্পপুরের ফজলে রাব্বি (১৮), মুসলিমাবাদের জাকির হোসেন (১৯), পিলখানার মিরান আলী (১৮)। রায়ের পর তাদের কারাগারে নেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, শাহজামালের বাড়ি বাজারিপাড়ায়। সে দশম শ্রেণির ছাত্র ছিল। ২০১০ সালের ২৩ মার্চ রাত নয়টার দিকে দণ্ডপ্রাপ্ত আসামিরা স্বাধীনকে বাড়ি থেকে ডেকে আনে। পরে লোকজনের সামনে শহরের প্রধান সড়কে বুকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এ ঘটনায় ২৪ মার্চ সদর থানায় হত্যা মামলা করা হয়।
তদন্ত শেষে ২০১০ সালের ১৮ এপ্রিল পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আবুল কাশেম।
শাহজামালের মা শামীমা বেগম প্রথম আলোকে বলেন, ‘আদালতের রায়ে আমরা সস্তুষ্ট। রায় কার্যকর হোক। কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’
আসামিদের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানা গেছে।