জামালপুরে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীতে পানি বাড়তে শুরু করায় জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে নির্মিত বন্যানিয়ন্ত্রণ বাঁধের অনেক স্থানে গত এক সপ্তাহে ভাঙন দেখা দিয়েছে।
এ কারণে প্রায় ১০টি গ্রামের কয়েক শ পরিবারে আতঙ্ক বিরাজ করছে। ভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগ না থাকায় চার দিন ধরে স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন এলাকাবাসী।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নটি বন্যা ও ভাঙন থেকে রক্ষায় গত বছরের মার্চের প্রথম দিকে যমুনার একটি শাখা নদীতে স্বেচ্ছাশ্রমে তিন কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করা হয়। চলতি বছর বর্ষা মৌসুমে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাঁধটির কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে ওই ইউনিয়নের কাজলা, রায়েরপাড়া, করিরতাইড়, নতুনপাড়া, রাজনগর, কদমতলী, উলিয়া, রামভদ্র, কাঠমা, তাততাপাড়া গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, যমুনার পানি বাঁধের ওপরে ছুঁই ছুঁই করছে। তীব্র স্রোতে তাততাপাড়া এলাকায় বাঁধের অন্তত পাঁচটি স্থানে ভেঙে গেছে। স্বেচ্ছাশ্রমে এলাকার শতাধিক লোক বালুর বস্তা ও বাঁশ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বলেন, জরুরি ভিত্তিতে সরকারিভাবে ভাঙন ঠেকানোর উদ্যোগ না নেওয়া হলে অনেক বসতভিটা নদীগর্ভে বিলীন হবে এবং পানিতে তলিয়ে যাবে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুমুর রহমান বলেন, ‘বাঁধটি আমি পরিদর্শন করেছি। জরুরি ভিত্তিতে সরকারি কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে ভাঙন ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।’