জামালপুরে সড়কে প্রাণ গেল ২ বোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌর শহরে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই বোন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার সকাল আটটার দিকে জামালপুর-ইসলামপুর সড়কের ঝিনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের শহিজল মিয়ার স্ত্রী হাওয়া বেগম (৫০) এবং বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের শাহ জামালের স্ত্রী পাঙ্খা বেগম (৪০)। তাঁরা সহোদর ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক বাদল মিয়া (৪৫) এবং যাত্রী লক্ষ্মীন্দর (৫৪) ও ওমর আলী (৩৫)। তাঁরা ইসলামপুর পৌর শহরের বাসিন্দা। অটোরিকশার চালক বাদল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাওয়া বেগমের দেবন জুমর আলী বলেন, নিহত হাওয়া বেগম ও পাঙ্খা বেগম জমি সংক্রান্ত একটি মামলার হাজিরা দিতে অটোরিকশায় করে জামালপুর জেলা আদালতে যাচ্ছিলেন। ইসলামপুর সড়কে পৌঁছালে মাছভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় তাঁরা ঘটনাস্থলেই মারা যান।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।