জামালপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরিফ মাহমুদ (২৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সাতটার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের বাড়ি বকশীগঞ্জ পৌর শহরের সরদারপাড়া এলাকায়। তাঁর বাবার নাম হাসমত আলী। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক ‘গণজয়’ পত্রিকার নিজস্ব প্রতিনিধি ছিলেন। আহত ব্যক্তিরা হলেন তাঁর বন্ধু সরদারপাড়া এলাকার আশরাফুল ইসলাম (২৫) ও নতুন পাড়া এলাকার অন্তর মিয়া (২৪)।

নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে সাংবাদিক আরিফ মাহমুদ ও তাঁর দুই বন্ধু আশরাফুল ইসলাম ও অন্তর মিয়া একটি মোটরসাইকেলে শেরপুরের গজনী অবকাশে বেড়াতে যান। সন্ধ্যা সাতটার দিকে সেখান থেকে বকশীগঞ্জে ফেরার পথে শেরপুর-ঝিনাইগাতী সড়কের ঝিনাইগাতী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বহনকারী মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের তিনজনকে স্থানীয় লোকজন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই কমপ্লেক্সের চিকিৎসক আরিফ মাহমুদকে মৃত ঘোষণা করেন। বাকিদের সেখানে ভর্তি করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।