হস্তান্তরের আগেই জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে ছোট-বড় বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান ভবন নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছেন মুক্তিযোদ্ধারা।
জামালপুর গণপূর্ত বিভাগের কার্যালয় সূত্র জানায়, শহরের মিয়াপাড়া এলাকায় এই কমপ্লেক্স অবস্থিত। গণপূর্ত বিভাগের আওতায় ১ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা ব্যয়ে ২০১২ সালের ১০ মে জামালপুরের মেসার্স এহসান কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান তিনতলা ওই ভবনের নির্মাণকাজ শুরু করে। কাজ শেষ হয় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর। তবে এখনো গণপূর্ত বিভাগ আনুষ্ঠানিকভাবে ভবনটি মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেনি।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভবনের প্রথম ও তৃতীয় তলার বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটল। এ সময় কয়েকজন মুক্তিযোদ্ধা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ ব্যবহার করেছে। এ কারণেই হস্তান্তরের আগেই এমন ফাটলের সৃষ্টি হয়েছে। ভবনটি ধসে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত এই ভবনে নিম্নমানের কাজ করা সম্ভব হয়েছে। বিষয়টি শিগগির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করে মেসার্স এহসান কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ইকবাল এহসান বলেন, ‘ভবনটিতে হয়তো দেয়ালের পলেস্তারায় ফাটল দেখা দিয়েছে। ভবনের জন্য এগুলো সমস্যা না। এরপরও ফাটলগুলো দেখে সংস্কার করে দেব।’
জামালপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাসিম খান বলেন, ‘ফাটলের বিষয়টি শুনেছি। অনেক সময় ভবনের পলেস্তারায় ফাটল দেখা যায়। ফাটল পলেস্তারায় কি না খতিয়ে দেখা হবে। ভবন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ ব্যবহার করে থাকলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’