জামালপুরে হামের টিকা উদ্ধার একজনের ছয় মাসের কারাদণ্ড
জামালপুরে সরকারি স্বাস্থ্য বিভাগের হামের টিকা পাচার করার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাৎক্ষণিকভাবে তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোলাম মোস্তফা নামের ওই ব্যক্তির কাছ থেকে হামের টিকার ৩০৫টি ভায়াল (শিশি) উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের ফুলবাড়িয়া গেইটপাড় এলাকা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসানের নেতৃত্বাধীন আদালত তাঁকে গ্রেপ্তার করে এ দণ্ডাদেশ দেন।প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গেইটপাড় এলাকায় গোলাম মোস্তফা স্থানীয় বাসিন্দা হাশেম মেম্বারের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করে আসছেন। বদরুল হাসান পুলিশ নিয়ে দুপুর দেড়টার দিকে তাঁর বাসায় অভিযান চালান। পুলিশ তাঁর বাসা তল্লাশি করে ৩০৫টি ভায়াল উদ্ধার করে এবং মোস্তফাকে গ্রেপ্তার করে। মোস্তফা ভায়ালগুলো জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের পিয়ন আবদুস সালামের কাছ থেকে কিনেছেন বলে ভ্রাম্যমাণ আদালতকে জানান। পুলিশ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সালামকে খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, তিনি গা ঢাকা দিয়েছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান পরে গোলাম মোস্তফাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ এবং আবদুস সালামের বিরুদ্ধে নিয়মিত মামলা করে তাঁকে গ্রেপ্তার করার আদেশ দেন। একইসঙ্গে আবদুস সালামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এবং সালামের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিভিল সার্জনকে আদেশ দেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত হামের টিকাগুলো তাঁর কার্যালয়ের বলে দাবি করলেও তিনি সে বিষয়ে নিশ্চিত নন। তিনি দাবি করেন, তাঁর কার্যালয়ের স্টোরে হিমায়িত ভায়ালের মজুদ নিবন্ধন খাতার হিসাব অনুযায়ী ঠিক আছে। স্টোর থেকে একটি ভায়ালও খোয়া যায়নি।জামালপুরের সিভিল সার্জন আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘উদ্ধার করা ভায়ালগুলো আমাদের কাছে পাঠালে আমরা পরীক্ষা করে সেগুলো আদৌ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কি না তা বলতে পারব।’ ভ্রাম্যমাণ আদালতের আদেশ প্রসঙ্গে তিনি বলেন, তিনি এখনো আদেশের কোনো কপি হাতে পাননি।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলোকে বলেছেন, আদালতের রায়ে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গোলাম মোস্তফাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।