জামালপুরে হিজবুত তওহিদের ১৪ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌরসভার বোসপাড়া থেকে গত বুধবার রাতে পুলিশ হিজবুত তওহিদের জেলা শাখার আমিরসহ ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ বিপুল পরিমাণ ‘দাজ্জাল’ সিডি ডিস্ক, প্রচারপত্র ও বর্ষপঞ্জি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের বোসপাড়া এলাকার সাইদুল ইসলামের দোতলা বাড়ির নিচতলায় দীর্ঘদিন ধরে অপরিচিত লোকজন যাওয়া-আসা করছে। এ নিয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গত বুধবার রাত পৌনে ১২টার দিকে বোসপাড়ার ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির মালিকের ছেলে রফিকুল ইসলাম তাঁর অনুসারী কয়েকজন যুবককে নিয়ে বৈঠক করছিলেন। পুলিশ তাঁকেসহ ১৪ জন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম নিজেকে সংগঠনটির জেলা শাখার আমির এবং তাঁর সহযোগীরা সংগঠনের ‘মুজাহিদ’ সদস্য বলে পরিচয় দিয়েছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সংগঠনের জামালপুর জেলা শাখার আমির রফিকুল ইসলাম (৩৩), জামালপুর পৌরসভার বন্দেরবাড়ী গ্রামের আমিনুল ইসলাম ওরফে মিন্টু (৩৩), বাগেরহাটা বটতলা গ্রামের খোল মিয়া (৩৫) ও পালপাড়া গ্রামের আরজু মিয়া (৩৯), টাঙ্গাইল জেলার হাতিনা গ্রামের সাইদুল ইসলাম ওরফে হামিদ, বাসাইল উপজেলার ভাংড়া গ্রামের ফজলুল হক ও বাত্তুলী সাদী গ্রামের সুমন খান (২৫), কুমুল্লী নামদার গ্রামের আমিনুল ইসলাম (২৬), ঘাটাইল উপজেলার রামখালী গ্রামের আনোয়ার হোসেন ওরফে বিপ্লব (২১), কালিহাতী উপজেলার রামপুর গ্রামের আরিফ হোসেন (২৪), মির্জাপুর উপজেলার বাঁশতলী গ্রামের নাজম আল ইসলাম (২৩), গোপালপুর উপজেলার কুমুল্লী নামদার গ্রামের শাকিল আহমেদ (২৪), টাঙ্গাইল সদরের নন্দীর বেতমা গ্রামের আতিকুর রহমান (২১) এবং মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের নাজমুল ইসলাম (১৯)।রফিকুল ইসলামের বাসা থেকে পুলিশ তওহিদ প্রকাশনীর বায়াজীদ খান পন্নী রচিত ‘দাজ্জাল, ইহুদি খ্রিষ্টান সভ্যতা’ লেখা ২৭২টি সিডি, একই লেখকের হিজবুত তওহিদ সংগঠনের তিন ধরনের চার হাজার প্রচারপত্র ও বেশ কিছু বর্ষপঞ্জি জব্ধ করা হয়েছে। আদালতে নেওয়ার পথে রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে যারা আছেন তাঁরা সবাই “মুজাহিদ”। আমরা “দাজ্জাল” প্রতিরোধে প্রচারণায় নেমেছি।’ জামালপুর সদর থানার উপরিদর্শক (এসআই) মো. আনছার আলী প্রথম আলোকে বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।