জামালপুরে ১২২টি লেভেল ক্রসিং যেন মরণফাঁদ

জামালপুরের ১০৮ কিলোমিটার রেলপথের মধ্যে ১২২টি লেভেল রেলক্রসিংয়েই গেটম্যান তো দূরের কথা, গেটও নেই। এসব স্থানে দায়সারা গোছের ছোট একটি সাইনবোর্ড ঝুলিয়ে দায়িত্ব সেরেছে রেল বিভাগ। ফলে ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। লেভেল ক্রসিংগুলো পরিণত হয়েছে মরণফাঁদে।
সাইনবোর্ডগুলোর কোনোটিতে লেখা—‘এটি অবৈধ রেলগেট। এখানে কোনো গেটম্যান নেই। নিজ দায়িত্বে পারাপার হোন’। আবার কোনোটিতে লেখা—‘সাবধান—এই গেটে গেটম্যান নাই। পথচারী ও সকল প্রকার যানবাহনের চালক নিজ দায়িত্বে পারাপার করিবেন। কোনোরূপ দুর্ঘটনার জন্য নিজেই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন’।
জামালপুর রেলওয়ের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর কার্যালয় (পথ) সূত্রে জানা গেছে, রেলওয়ের জামালপুর সেকশনের অধীনে ১০৮ কিলোমিটার রেলপথ রয়েছে।
এর মধ্যে রয়েছে ২৭ কিলোমিটার দীর্ঘ পিয়ারপুর-জামালপুর, ৩৫ কিলোমিটার দীর্ঘ জামালপুর-তারাকান্দি ও ৪৬ কিলোমিটার দীর্ঘ জামালপুর-বাহাদুরাবাদ ঘাট রেলপথ। এই ১০৮ কিলোমিটারের বিভিন্ন স্থানে কাঁচা-পাকা সড়কে লেভেল ক্রসিং রয়েছে ১৩৪টি। এগুলোর মধ্যে বৈধ ৮৯টি এবং অবৈধ ৪৫টি। এর মধ্যে ১২২টিতেই গেট ও গেটম্যান নেই।
যে ১২টি লেভেল ক্রসিংয়ে গেট আছে, সেগুলোর কোনো কোনোটিতে একজন গেটম্যান আছেন। এ অবস্থায় মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাতে এসব লেভেল ক্রসিংগুলোতে পরিস্থিতি থাকে আরও নাজুক।
সরেজমিনে গত ১১ অক্টোবর দেখা যায়, জামালপুর শহরের চন্দ্রা ঘুমটিঘরের কাছে লেভেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান নেই। ব্যস্ততম জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক অতিক্রম করা এই লেভেল ক্রসিংয়ে ২০১৩ সালের ২ আগস্ট ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন প্রাণ হারান।
এর পর থেকে ট্রেন আসার সময় স্থানীয়দের উদ্যোগে দুই পাশে বাঁশ ফেলে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জামালপুর-শেরপুর মহাসড়কের বন্দেরবাড়ি লেভেল ক্রসিংয়ের একটি গেট প্রায় তিন বছর আগে ভেঙে গেছে। ট্রেন আসার সময় রাস্তার দুই পাশে বাঁশ ফেলে পথচারী ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। জামালপুর-মাদারগঞ্জ সড়কের শেখেরভিটা লেভেল ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। শহরের মাছিমপুর লেভেল ক্রসিং, শরীফপুর এলাকার মুকুল বাজার, কানিল, হরিপুর, বটতলা, লাঙ্গলজোড়া ও পশ্চিম ফুলবাড়িয়ার লেভেল ক্রসিং ঘুরে একই চিত্র পাওয়া যায়।
চলতি বছর জানুয়ারিতে সদর উপজেলার মুকুল বাজার ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ দুজন নিহত হন। বটতলায় আন্তনগর তিস্তা ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের চালক আহত হন।
শহরের লাঙ্গলজোড়া এলাকার সুলতান আলম বলেন, এই লেভেল ক্রসিংয়ে গেটম্যান বা গেট না থাকায় গত কয়েক বছরে ২০ থেকে ২৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত মানুষ আহত হন। তার পরও রেল বিভাগের চোখে যেন কিছুই পড়ছে না।
শহরের মাছিমপুর এলাকার শাপলা বেগম বলেন, এখানকার লেভেল ক্রসিংয়ে মাস তিনেক আগে ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এরপর রেল বিভাগ সড়কের দুই পাশে সতর্কীকরণ সাইনবোর্ড ঝুলিয়ে দায় সেরেছে।
জামালপুরের স্টেশনমাস্টার জহুরুল ইসলাম বলেন, ওই ১২২টি লেভেল ক্রসিংয়ে গেট স্থাপন ও গেটম্যান নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, সরকার অচিরেই বৈধ লেভেল ক্রসিংয়ে জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই লোকবল নিয়োগ করা হলে দুর্ঘটনা অনেক কমে যাবে।
জামালপুর রেলপথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পূর্ত) আতিকুল ইসলাম বলেন, সড়কের যানবাহন চলাচলের গুরুত্ব বুঝে পর্যায়ক্রমে বৈধ লেবেল ক্রসিংগুলোতে গেট স্থাপন এবং গেটম্যান নিয়োগ করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বর্তমান ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানানো হয়েছে।