জামালপুরে ১৮৩টি বিদ্যালয় জরাজীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সাত উপজেলার ১৯৩টি অত্যন্ত জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে ক্লাস করছে শিশুরা। এর মধ্যে আবার ১০টির দশা এতই খারাপ যে কর্তৃপক্ষ ওগুলোকে পরিত্যক্ত ঘোষণা করেছে। ফলে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে, গাছতলায়, ছাপরা ঘরে বা ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের বারান্দায় ক্লাস করতে হচ্ছে। এতে দিনে দিনে শিক্ষার্থীর উপস্থিতির হার কমছে। ভেঙে পড়ছে জেলার প্রাথমিক স্তরের শিক্ষা কার্যক্রম।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, এখানকার সাত উপজেলায় প্রায় এক হাজার ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১৯৩টি অতি জরাজীর্ণ। এগুলোর মধ্যে আবার ১০টি চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় গত পাঁচ মাসে ক্রমান্বয়ে এগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ বিদ্যালয়গুলো হচ্ছে সদর উপজেলার কম্পপুর, জাফর শাহী ও পিঙ্গলহাটি; ইসলামপুরের পশ্চিম কান্দারচর, ডেবরাইপেচ, কাছিমেরচর বান্দারপাড়া ও গামারিয়া আজির উদ্দিন; মাদারগঞ্জের ফাজিলপুর এবং সরিষাবাড়ী উপজেলার পুগলই ও বাসরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সম্প্রতি সরেজমিনে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত হালুয়া রাজার চহট্ট ও কম্পপুর; বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর এবং ইসলামপুর উপজেলার ডেবরাইপেচ বিদ্যালয়ে দেখা যায় ভবনের ভিম, দেয়াল, ছাদসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল। দরজা, জানালার দশাও নাজুক। ওপরের ছাদ চাপরা ধরে ধরে ধসে পড়েছে। পরিত্যক্ত বিদ্যালগুলোর দেয়ালে ‘লাল বিপদচিহ্ন’ দেওয়া হয়েছে।
কম্পপুর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিষ্টি বলে, ‘স্কুলঘরটা এত্ত পুরান, সবাই কয় এইটা ভাইঙ্গা পরব। তাই আমাগো স্কুলমাঠে ছাপড়া বানাইয়া ওই খানে বসায় পড়ায় আপা-স্যাররা। কিন্তু আমাগো ছাপড়া ঘরে ক্লাস করতে ভালো লাগে না। বেশি গরম, নয়তো বৃষ্টি হইলে আর স্কুলেই আসি না।’
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সামাদ আকন্দ অভিযোগ করেন, বিদ্যালয় ভবনগুলো নির্মাণের দায়িত্বে ছিল এলজিইডির। তারা নিম্নমানের কাজ করায় নির্মাণের ১০ থেকে ১৫ বছরের মধ্যেই ভবনগুলোর এ দশা।
সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বেলাল হুসেন সরকার বলেন, সরেজমিনে বিদ্যালয় ভবনগুলো পরিদর্শন করে অবস্থা দেখে দুর্ঘটনার আশঙ্কায় পরিত্যক্ত ও অতি জরাজীর্ণ ঘোষণা করা হয়েছে। তিনি নির্মাণকাজে অবহেলার অভিযোগ অস্বীকার করেন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে অবহেলাকে দায়ী করেন।
তবে আবদুস সামাদ রক্ষণাবেক্ষণে অবহেলার কথা অস্বীকার করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম বলেন, পরিত্যক্ত ও অত্যন্ত জরাজীর্ণ স্কুলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ইতিমধ্যে তিনটি বিদ্যালয়ের টিনশেড ঘর নির্মাণের জন্য বরাদ্দও পাওয়া গেছে। পর্যায়ক্রমে অন্য বিদ্যালয়গুলোর সমস্যারও সমাধান করা হবে।