জামালপুরের আটজনের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকসহ জামালপুরের আটজনের বিচারকাজ শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ আদেশ দেন। ১৮ নভেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ধার্য করা হয়েছে।

এ মামলার আটজন আসামি হলেন মুক্তিযুদ্ধকালে জামালপুরে আলবদর বাহিনীর সংগঠক মো. আশরাফ হোসাইন, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারী, মো. হারুন, মো. আবুল হাশেম, মো. শামসুল হক ও এস এম ইউসুফ আলী। তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, অপহরণ, লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে এই আটজন আসামির মধ্যে শামসুল হক ও ইউসুফ আলী ছাড়া বাকিরা পলাতক।

গ্রেপ্তার হওয়া শামসুল হক ও ইউসুফ আলীকে অভিযোগ গঠনের আদেশের সময় ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। বাকি ছয় আসামিকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান, তুরিন আফরোজ, জাহিদ ইমাম ও রেজিয়া সুলতানা।

দুই আসামি শামসুল হক ও ইউসুফ আলীর পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। পলাতক আসামি আশরাফ হোসাইন, শরীফ আহমেদ ও আবদুল মান্নানের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস সোবহান তরফদার। আর পলাতক আবদুল বারী, হারুন ও আবুল হাশেমের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কুতুবউদ্দিন আহমেদ।

গত ২ মার্চ এই আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শামসুল ও ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৯ এপ্রিল আটজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। নিয়ম অনুযায়ী বাকিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা তা করেনি। এ জন্য বাকিদের পলাতক দেখিয়ে তাঁদের অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।