একাত্তরে মুক্তিযুদ্ধকালে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইনসহ জেলার আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গতকাল রোববার জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। কাল মঙ্গলবার অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল প্রথম আলোকে বলেন, জামালপুরের আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এতে হত্যা, নির্যাতন ও অপহরণের পর আটকে রাখার অভিযোগ রয়েছে। রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, যে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন আশরাফ হোসাইন (৬৪), শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন (৭১), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল বারী (৬২), মো. হারুন (৫৮), মো. আবুল হাশেম (৬৫), শামসুল হক ওরফে বদর ভাই (৭৫) ও এস এম ইউসুফ আলী (৮৩)। এই আটজনের মধ্যে জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির শামসুল হক এবং জামায়াত নেতা ও সিংহজানি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলী কারাগারে আছেন। বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ এখনো তাঁদের খুঁজে পায়নি। তাঁরা সবাই একাত্তরে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ও রাষ্ট্রপক্ষ জানায়, এই মামলার প্রধান আসামি আশরাফ হোসাইন মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর জামালপুর মহকুমা কমান্ডার ছিলেন। তাঁর মাধ্যমেই মূলত ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) বাছাই করা কর্মীদের নিয়ে জামায়াতের কিলিং স্কোয়াড আলবদর বাহিনী গঠিত হয়। দ্বিতীয় আসামি শরীফ আহম্মেদ ইসলামী ব্যাংকের পরিচালক পদে এবং বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেডের নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।
তদন্ত সংস্থার সূত্র জানায়, প্রায় দুই বছরের তদন্ত শেষে গত ২৪ মার্চ এই আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তদন্তে পাওয়া গেছে, ১৯৭১ সালের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জামালপুরে নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সঙ্গে এই আটজন জড়িত ছিলেন। এর মধ্যে রয়েছে জামালপুরে রাজাকার-আলবদর বাহিনী ও শান্তি কমিটি গঠন, স্থানীয় সাধনা ঔষধালয় দখল করে আলবদর বাহিনী ও শান্তি কমিটির কার্যালয় স্থাপন, সিংহজানি হাইস্কুলে আলবদরদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া প্রভৃতি। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে পিটিআই হোস্টেল ও আশেক মাহমুদ ডিগ্রি কলেজের হোস্টেল দখল করে নির্যাতন কেন্দ্র গড়ে সেগুলোতে ১০ হাজারের বেশি মানুষকে গণহত্যা-হত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের অভিযোগ রয়েছে।