মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় একাত্তরে জামালপুরে আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা, ইসলামী ব্যাংকের সাবেক এক পরিচালকসহ জেলার আটজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, গুম প্রভৃতি অভিযোগ আনা হয়েছে।
বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এই অভিযোগ গঠনের আদেশ দেন। অভিযোগ গঠনের মাধ্যমে জামালপুরের এই আটজনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হলো। এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আসামিরা হলেন একাত্তরে জামালপুরে আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা মো. আশরাফ হোসেন, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির মো. শামসুল হক, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারী, মো. হারুন, মো. আবুল হাশেম ও এস এম ইউসুফ আলী। শামসুল হক ও ইউসুফ আলী বাদে বাকি ছয়জন পলাতক।
গতকাল অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় সকালে শামসুল হক ও ইউসুফ আলীকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ পড়ে শোনানো শেষ হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে ট্রাইব্যুনাল এই মামলায় বিচার শুরুর আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোখলেছুর রহমান, তুরিন আফরোজ, জাহিদ ইমাম ও রেজিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
গত ২ মার্চ এই আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ শামসুল ও ইউসুফকে গ্রেপ্তার করে।