একাত্তরে মুক্তিযুদ্ধকালে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইন ও ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহম্মেদসহ জামালপুরের আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। তাঁদের বিরুদ্ধে হত্যা, আটক, অপহরণ, নির্যাতন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের ১০টি অভিযোগ আনা হয়েছে।
যে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন আশরাফ হোসাইন (৬৪), শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন (৭১), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল বারী (৬২), মো. হারুন (৫৮), মো. আবুল হাশেম (৬৫), শামসুল হক ওরফে বদর ভাই (৭৫) ও এস এম ইউসুফ আলী (৮৩)।
গতকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান, সহসমন্বয়ক সানাউল হক ও তদন্ত কর্মকর্তা মতিউর রহমান উপস্থিত ছিলেন। তদন্ত সংস্থা জানায়, এই আটজনের মধ্যে জামালপুর জেলা জামায়াতের সাবেক আমির শামসুল হক এবং জামায়াত নেতা ও সিংহজানি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ আলী কারাগারে আছেন। তাঁরা একাত্তরে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ এখনো তাঁদের খুঁজে পায়নি।
সংবাদ সম্মেলনে আবদুল হান্নান খান বলেন, প্রধান আসামি আশরাফ হোসাইন মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর জামালপুর মহকুমা কমান্ডার ছিলেন। তাঁর মাধ্যমেই ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) বাছাই করা কর্মীদের নিয়ে জামায়াতের কিলিং স্কোয়াড আলবদর বাহিনী গঠিত হয়। দ্বিতীয় আসামি শরীফ আহম্মেদ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক এবং বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭১ সালের ২২ এপ্রিল থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জামালপুরে নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সঙ্গে এই আটজন জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে জামালপুরে রাজাকার-আলবদর বাহিনী ও শান্তি কমিটি গঠন, স্থানীয় সাধনা ঔষধালয় দখল করে আলবদর বাহিনী ও শান্তি কমিটির কার্যালয় স্থাপন এবং সিংহজানি হাইস্কুলে আলবদরদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া। এ ছাড়া পিটিআই হোস্টেল ও আশেক মাহমুদ ডিগ্রি কলেজের হোস্টেল দখল করে নির্যাতন কেন্দ্র গড়ে সেখানে ১০ হাজারের বেশি মানুষকে গণহত্যা-হত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সংস্থা জানায়, ৯২ পৃষ্ঠার মূল তদন্ত প্রতিবেদনসহ আনুষঙ্গিক তথ্য-প্রমাণ ও দলিলাদি দেওয়া হয়েছে। ২০১৩ সালের ৬ জুন এই তদন্ত শুরু হয়। অভিযোগগুলোর বিষয়ে ঘটনার সাক্ষী ৩৪ জন ও জব্দতালিকার সাক্ষী ছয়জন।
আজ ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থার পঞ্চম বর্ষপূর্তি। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে সানাউল হক বলেন, এই পাঁচ বছরে দুই ট্রাইব্যুনালে ১৭টি মামলায় ১৮ জনের বিচার শেষ হয়েছে। এখন ছয়টি মামলায় নয়জনের বিরুদ্ধে মামলা বিচারাধীন।