একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের আটজনের মধ্যে পলাতক ছয়জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরকে ওই বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়ে বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে পলাতক ওই ছয়জনকে আত্মসমর্পণ করতে হবে। না হলে তাঁদের পলাতক ঘোষণা করে তাঁদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে।
পলাতক ওই ছয়জন হলেন একাত্তরে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইন, শরীফ আহম্মেদ, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারী, মো. হারুন ও আবুল হাসেম।
এই মামলার অপর দুই আসামি শামসুল আলম ও এস এম ইউসুফ আলী গ্রেপ্তারের পর কারাগারে রয়েছেন।
গত ২৯ এপ্রিল এই আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধকালে তাঁদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষ বলেছে, গ্রেপ্তার হওয়া শামসুল ও ইউসুফ মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। পলাতক বাকি ছয়জন আলবদর বাহিনীতে ছিলেন। মামলার প্রধান আসামি পলাতক আশরাফ হোসাইন ইসলামী ছাত্রসংঘের (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন) বাছাই করা কর্মীদের নিয়ে জামালপুরে আলবদর বাহিনী গঠন করেন। আরেক আসামি শরীফ আহম্মেদ ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন।