জামালপুরের পৌর মেয়র সাময়িক বরখাস্ত
জামালপুর পৌরসভার মেয়র শাহ্ মো. ওয়ারেছ আলী ওরফে মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ আদেশ-সংবলিত একটি ফ্যাক্স-বার্তা আসে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বার্তায় উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের করা দুটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। শাহ মো. ওয়ারেছ আলী অভিযুক্ত হওয়ায় পৌর মেয়র হিসেবে তাঁর ক্ষমতা প্রয়োগ পৌরসভা তথা জনস্বার্থপরিপন্থী। এ অবস্থায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩১(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।
ফ্যাক্স-বার্তায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামানের সই আছে। এতে আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে প্যানেল মেয়র-১-এর কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শাহ্ মো. ওয়ারেছ আলী বলেন, ‘বরখাস্তের দাপ্তরিক কোনো পত্র আমি পাইনি। তবে শুনেছি বরখাস্ত করা হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে পৌর মেয়রের পদ থেকে সরানোর উদ্দেশ্যেই দলীয় বিক্ষোভ মিছিলের সূত্র ধরে আমার বিরুদ্ধে একই দিনে দ্রুত বিচার আইনে মামলা দুটি করা হয়।’ তিনি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পরপরই তা ওয়ারেছ আলীর কাছে পাঠিয়ে দেওয়া হয়।