
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তারাকান্দি-ভূঞাপুর সড়ক বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার আওনা ইউনিয়নের স্থল এলাকায় গত বুধবার রাতে যমুনা নদীর পানির তোড়ে বাঁধটির প্রায় ৩০ মিটার ভেঙে যায়।
এর ফলে জামালপুর সদর এবং টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার সঙ্গে সারা দেশের সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া যমুনা সার কারখানা থেকে ১৯ জেলায় সার পরিবহন বন্ধ রয়েছে।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে যমুনার পানির তোড়ে সড়ক বাঁধের স্থল এলাকায় ৩০ মিটার ভেঙে যায়। রাতেই স্থানীয় গ্রামগুলোর মসজিদে এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেন। রাতেই এলাকার লোকজন বাঁধ রক্ষার কাজে যোগ দেন। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চেষ্টা চালিয়েও তাঁরা সফল হননি। তবে সেখানে নতুন করে ভাঙন দেখা দেয়নি। এদিকে বিকেল চারটার দিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সেনাবাহিনীর সদস্যরা ভেঙে যাওয়া বাঁধের পশ্চিম পাশা কাঁচা বেড়িবাঁধে মেরামতের কাজ শুরু করেছেন।
এদিকে সড়ক বাঁধের পূর্ব পাশা স্থল, বাটিকামারী, চানপুর, মেদুর, কাওয়ামারা, কুমারপাড়া, ফুলদহেরপাড়া, গোলায়ালবাতান, রামপুর, তরুণীআটা কারারিয়াবাড়ি, কুলপাল, কুমারপাড়াসহ ২০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামের অনেক মানুষ বাড়িঘর ছেড়ে গবাদিপশু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বাঁধের পূর্ব ও দক্ষিণ পাশায় তিন হাজার হেক্টর রোপা আমনের খেত পানিতে তলিয়ে গেছে।
স্থল গ্রামের ভুট্টু মিয়া (৫০) বলেন, ‘মসজিদে মাইকের ঘোষণা শুনে রাতে বাড়িঘর ছেড়েছি। বাঁধের পাশা বাড়ি তাড়াতাড়ি সরাইয়া নিছি। পরিবারের লোকজন নিয়ে দূরে বাঁধের ওপর আশ্রয় নিয়েছি।’
আওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেল্লাল হোসেন অভিযোগ করেন, প্রশাসনের উদ্যোগের অভাবে বাঁধটি ভেঙে গেছে। এলাকার লোকজন দীর্ঘক্ষণ বাঁধ রক্ষার চেষ্টা করে আশা ছেড়ে দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, তারাকান্দি-ভূঞাপুর সড়ক বাঁধ ভেঙে সারা দেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।