জামালপুরের সিএনজি ফিলিং স্টেশনটি বন্ধ, ভাড়া বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে যান্ত্রিক ত্রুটির কারণে জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন ‘জাবেদ সিএনজি ফিলিং স্টেশন’ গতকাল সোমবার সকাল সাতটা থেকে বন্ধ হয়ে গেছে।
সিএনজি সরবরাহ বন্ধ থাকার অজুহাতে গতকাল সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যাত্রীপ্রতি অটোরিকশা ভাড়া ২০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা।
ওই ফিলিং স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল থেকে সিএনজি সরবরাহ বন্ধ থাকায় জামালপুর থেকে দেশের বিভিন্ন পথে চলাচলকারী সিএনজিচালিত বাস, ট্রাক, অটোরিকশা, টেম্পোসহ সব ধরনের যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় অনেক গাড়ি ময়মনসিংহ ও শেরপুর থেকে সিএনজি নিচ্ছে। জামালপুর জেলা থেকে বিভিন্ন সড়কে প্রায় দুই হাজার যানবাহন চলাচল করে।
শিপু ভট্টাচার্য নামের এক যাত্রী বলেন, তিনি জামালপুর শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় ইসলামপুর যাবেন। সিএনজি না থাকার অজুহাতে চালক ৫০ টাকার ভাড়া ৭০ টাকা করে নিচ্ছেন। অটোরিকশা চলাচল কমে যাওয়ায় এবং ভাড়া বেশি হওয়ার কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
জামালপুর-দেওয়ানগঞ্জ পথের অটোরিকশাচালক মণ্ডল মিয়া বলেন, ‘শেরপুর থেকে আজ (সোমবার) সিএনজি নিতে হয়েছে। এতে খরচ বাড়ছে। তাই প্রত্যেক যাত্রীর কাছ থেকে ২০ টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে।’
জাবেদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল করিম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকাল থেকে আগামী তিন দিন সিএনজি সরবরাহ বন্ধ থাকবে। যান্ত্রিক ত্রুটি দ্রুত সারাতে কাজ চলছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে সিএনজি সরবরাহ চালু হবে বলে তিনি আশা করেন।