জামালপুরের ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইনসহ জেলার আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল বলেন, এই আটজনের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ায় রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময় চায়। পরে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন। ওই দিন রাষ্ট্রপক্ষ অভিযোগসহ তদন্ত প্রতিবেদন ও আনুষঙ্গিক নথিপত্র ট্রাইব্যুনালে দাখিল করবে।
২৪ মার্চ এই আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তাঁদের বিরুদ্ধে হত্যা, আটক, অপহরণ, নির্যাতন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের ১০টি অভিযোগ আনা হয়েছে। ওই আটজন হলেন আশরাফ হোসাইন (৬৪), ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন (৭১), মো. আবদুল মান্নান (৬৬), মো. আবদুল বারী (৬২), মো. হারুন (৫৮), মো. আবুল হাশেম (৬৫), শামসুল হক ওরফে বদর ভাই (৭৫) এবং এস এম ইউসুফ আলী (৮৩)। তাঁদের মধ্যে শামসুল হক ও ইউসুফ আলী কারাগারে আছেন।