জামালপুরের ৮ জনের বিরুদ্ধে মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা, ইসলামী ব্যাংকের সাবেক এক পরিচালকসহ জামালপুরের আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আজ সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
আট আসামি হলেন জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইন, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন, আবদুল মান্নান, আবদুল বারী, হারুন, আবুল হাশেম, মো. শামসুল হক ওরফে বদর ভাই এবং এস এম ইউসুফ আলী। তাঁদের মধ্যে শামসুল ও ইউসুফ কারাগারে আছেন। বাকি ছয়জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার হয়েছে। ১৯ জুন যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, গুম প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে জামালপুরের এই আটজনের বিরুদ্ধে। গত বছরের ২৬ অক্টোবর পাঁচটি অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে এই আটজনের বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। গ্রেপ্তার দুই আসামির পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান, এহসান এ সিদ্দিকী ও গাজী এম এইচ তামিম। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস সোবহান তরফদার।