জামালপুরে আটজনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হবে যেকোনো দিন। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল রোববার এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখেন।
এই মামলার আট আসামির মধ্যে পলাতক আছেন ছয়জন। তাঁরা হলেন একাত্তরে মুক্তিযুদ্ধকালে জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইন, শরীফ আহম্মেদ, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারী, মো. হারুন ও আবুল হাসেম। অপর দুই আসামি শামসুল আলম ও এস এম ইউসুফ আলী কারাগারে আটক আছেন। গত বছরের ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিরুদ্ধে মামলার বিচারকাজ শুরু করেন ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধকালে এই আটজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান, এহসান এ সিদ্দিকী, গাজী এম এইচ তামিম ও আবদুস সোবহান তরফদার।