জামালের স্বপ্ন পূরণের সঙ্গী অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ার সুযোগ পাওয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার বরাবাড়ি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান মো. জামাল উদ্দিনকে অনেকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
গত মঙ্গলবার প্রথম আলোয় ‘স্বপ্ন পূরণের সুযোগ এসেছে, সামর্থ্য নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর মঙ্গল ও গত বুধবার দেশ-বিদেশের বিশেষ করে রাজধানী ঢাকার অনেকেই এ প্রতিনিধির মাধ্যমে জামাল উদ্দিনের মুঠোফোন নম্বর নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। কেউ কেউ তাঁকে কাছে ডেকে নিয়ে সাধ্যমতো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজধানীর মগবাজারের গুলফেশা প্লাজার ম্যানেজার মীর মোস্তাফিজুর রহমান ওই প্লাজার দুটি সংগঠন/প্রতিষ্ঠানের মাধ্যমে জামালকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। হাটবাজার ডটকমের সিইও রাকিব খান প্রতি মাসে এক হাজার টাকা দিতে চেয়েছেন। যত দিন জামাল ঢাকায় থেকে লেখাপড়া করবেন তত দিন এ সহায়তা তিনি চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপগ্রন্থাগারিক শামীম আরা, রামপুরার রহমত উল্লাহসহ নাম প্রকাশে অনিচ্ছুক আরও অনেকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
জামাল উদ্দিনকে সহায়তা করতে চাইলে বিকাশ বা ব্যাংক হিসাবে টাকা পাঠানো যাবে। মুঠোফোন ও বিকাশ নম্বর ০১৭৭৩৮২৬৮৫২। ব্যাংক হিসাব; মো. জামাল উদ্দিন, ইসলামী ব্যাংক, গুলশান শাখা, মুদারাবা সঞ্চয়ী হিসাব নম্বর এসটিইউ-১৯৫।
মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার স্বপ্ন পূরণে যাঁরা পাশে দাঁড়াতে চেয়েছেন, তাঁদের সবার প্রতি আমি ও আমার পরিবারের সদস্যরা কৃতজ্ঞ। ভবিষ্যতে আমিও যেন অন্যদের স্বপ্ন পূরণে পাশে দাঁড়াতে পারি, সে জন্য সবার দোয়া চাই।’