জামালের 'টয়োটা' গাড়ি

হঠাৎ দেখে মনে হবে রিকশাভ্যান। তবে ঠিক ভ্যানও নয়। পাঁচ চাকার ওপর বসানো চার কোনা দোতলা কাঠামো। পেছনে আবার গাড়ির ‘ব্যাকডালার’ মতো চেম্বার।
লালবাগ থেকে পলাশী যাওয়ার পথে এই বাহারি গাড়ি দেখে থামতেই হলো। ‘কী এটা?’ উত্তর এল, ‘এইডা আমার টয়োটা গাড়ি।’ ঠিকই তো, পেছন দিকে টয়োটার লোগো সাঁটা!
উত্তরদাতার নাম জামাল। বয়স ২২ বছর। তাঁর নিজ হাতে বানানো এই গাড়িটা আসলে রিকশা-সাইকেল সারানোর একটি ভ্রাম্যমাণ মেরামতখানা।
জামাল ২০০৮ সালে এই গাড়ি তৈরি করেন। অল্প কথায় বলেন, ১২ থেকে ১৩ বছর বয়স থেকে রিকশা চালাতেন। তখন রিকশা মেরামতের কাজও শিখে ফেলেন। একসময় রিকশা চালানো ছেড়ে মেরামতির কাজকেই পেশা হিসেবে নেওয়ার ভাবনা আসে মাথায়। জামালের কথায়, ‘আল্লাহ পাকের ইচ্ছায় একদিন মাথায় আহে এই গাড়ির ডিজাইন। রাস্তায় দোকান নিয়া বইলে তো অবৈধ। তাই এমন দোকান বানাইলাম, যেইডা নিয়া ঘুরন যায়।’
গাড়িতেই তাঁর পুরো সংসার। দুই পাশে আংটায় ঝোলানো দুটি পুরোনো সাইকেল। জামালের ভাষায় যা কিনা ‘দোকানের সাইনবোর্ড’। পেছনের চেম্বারে সাজানো থাকে মেরামতির যন্ত্রপাতি। আর ওপরে জামালের শোবার ঘর। দিনের বেলায় ওপরের তলার পর্দাগুলো গুটিয়ে রাখেন। রাতে ফুটপাতে গাড়ি রেখে পর্দা মেলে দিলেই বাকি পৃথিবী থেকে আলাদা।
‘গাড়িতে থাকেন? বাড়ির লোকেরা সব কোথায়?’
স্বল্পভাষী জামাল এতক্ষণে মেলে ধরলেন নিজেকে। বলেন, ‘আমি পথচারী। কোনো ঘর নাই আমার। ভাসতে ভাসতে এইখানে আইসা ঠেকছি।’ জানা গেল, খুব ছোটবেলায় চাচার সঙ্গে ঢাকায় এসে হারিয়ে যান। পরে মিরপুর এলাকার রিকশা গ্যারেজগুলোতে ঘুরতে ঘুরতে বেড়ে ওঠা। গ্রামের নাম, পরিবারের কথা এখন আর মনে করতে পারেন না। গাড়িটাই তাঁর সব। এটা নিয়েই থাকতে চান।
জামাল তাঁর ‘টয়োটা’ নিয়ে সাধারণত পলাশী মোড়ের আশপাশেই থাকেন। তবে কাজের ফরমাশ পেলে দূরেও যান। কাছের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর অনেক সাইক্লিস্ট শিক্ষার্থী তাঁর গ্রাহক। ওই এলাকার অনেক রিকশাচালকও তাঁর কাছে নিয়মিত আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রেজা বলেন, ‘প্রথমবার দেখে খুব অবাক হই। গাড়িটা একেবারে নতুন কনসেপ্ট। আর মামার কাজও খুব ভালো।’ রিকশাচালক আবদুল জলিলও বলেন, ‘হের হাত ভালো।’
কাজের প্রয়োজনে ছোটখাটো যন্ত্রপাতিও বানিয়েছেন জামাল। ভারী মালবাহী ভ্যানের চাকা বদলাতে মালভর্তি ভ্যান উঁচু করার একটি হাতে বানানো ‘লিফটার’ আছে তাঁর। বলেন, পার্টস এনে দিলে একটা গোটা সাইকেলও বানিয়ে দিতে পারবেন।
‘লেখাপড়া শিখেছিলেন?’ কৌতুকমাখা হাসিতে জামাল বলেন, ‘কিছুই তো হয় নাই। ভাসতে ভাসতে বড় হইছি।’