জামায়াত ও বিএনপির মধ্যে পদ ভাগাভাগি
রাজশাহীর বাগমারায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় এবং জোট অটুট রাখতে জামায়াত ও বিএনপি নিজেদের মধ্যে পদ ভাগাভাগি করে নিয়েছে। ২৩ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপি ও জামায়াত সূত্র জানায়, উপজেলা নির্বাচনে বিএনপি ও জামায়াত আলাদাভাবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেও পরে তাদের মধ্যে সমঝোতা হয়। তারা নিজেদের মধ্যে পদ ভাগাভাগি করে নেয়। সে অনুযায়ী তারা মনোনয়নপত্রও দাখিল করেছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান জানান, বিএনপিকে চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছে জামায়াত। ফলে ওই দুটি পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। শুধু ভাইস চেয়ারম্যান পদটি জামায়াত নিয়েছে।
আবদুস সোবহান আরও জানান, চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডি এম জিয়াউর রহমান, যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা আখতারুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেছেন। আর নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা ইসলাম ও কর্মী রেজিয়া বেওয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি ওহিদুল ইসলাম বলেন, বিএনপির সঙ্গে পদ ভাগাভাগির কারণে তাঁরা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেননি। জামায়াতের সাবেক নায়েবে আমির রেজাউল করিম শুধু ভাইস চেয়ারম্যান পদে গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন। এ পদে বিএনপির কেউ মনোনয়ন দাখিল করেননি।
উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান জানান, বিগত নির্বাচনেও তাঁরা একই কাজ করেছিলেন।