সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের নেতা মেহেদী হাসান ওরফে জজ হত্যা মামলায় জামায়াত-শিবির ও বিএনপির ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক সাফুর আহম্মেদ গত বৃহস্পতিবার এ অভিযোগপত্র দেন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন জয়নগর ইউনিয়ন জামায়াতের আমির কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপদেষ্টা আবদুল মজিদ মাস্টার ও আলমগীর কবীর, শুরা সদস্য গোলাম রহমান; উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সামছুর রহমান, ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মাসুদুর রহমান; ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি অজিয়ার রহমান মোড়ল ও সাধারণ সম্পাদক মালেক গাজী; ১ নম্বর ওয়ার্ড শিবিরের সাধারণ সম্পাদক রিপন হোসেন, জামায়াতকর্মী কবীর সানা, ছদর উদ্দীন মোড়ল, আইয়ুব আলী গাজী, আবদুল্লাহ গাজী ও ওবায়দুল্লাহ গাজী; শিবিরকর্মী হুমায়ুন কবীর, শামীম হোসেন, মাহাফুজার রহমান, আনিছুর রহমান, হাবিবুর রহমান ও মুকুল হোসেন; ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ মোড়ল, ইউনিয়ন যুবদলের সভাপতি ইকবাল হোসেন, যুবদলকর্মী রাশেদুল ইসলাম ও বিএনপিকর্মী জাহাঙ্গীর আলম। তাঁদের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনজন ছাড়া সবাই উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর রাতে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়। এরপর রাত ১২টার দিকে কলারোয়ার জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাসান ওরফে জজের বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের সামনে হাত-পা কেটে তাঁকে নির্যাতন করে। পরে তাঁকে দাসপাড়ায় নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আবদুর রহমান কলারোয়া থানায় মামলা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মেহেদী হাসানের স্ত্রী রিতা খাতুন, বাবা নিজামউদ্দীন মোড়ল, ভাই আবদুর রহমান অভিযোগপত্র দেখার পর বলেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজনের নাম বাদ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক একরামুল হক মোল্ল্যা অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মামলায় ২১ জনকে সাক্ষী করা হয়েছে।