জামায়াত ও শিবিরের ১১ কর্মী গ্রেপ্তার
গভীর রাতে নগরে দলীয় পোস্টার সাঁটানোর সময় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাত দুইটা থেকে গতকাল রোববার ভোর ছয়টা পর্যন্ত নগরের চকবাজার, আন্দরকিল্লা ও খাতুনগঞ্জ এলাকায় পুলিশ এই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে ১০ জনই শিবির এবং একজন জামায়াতের সক্রিয় কর্মী রয়েছেন। তাঁরা হলেন চট্টগ্রাম কলেজের ছাত্র হেমায়তের হোসেন (২২) ও আবদুল্লাহ আল মামুন (২৮), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আসলাম পারভেজ (২২) ও মো. আবদুল্লাহ (২৪), চট্টগ্রাম আলিয়া মাদ্রাসার মোহাম্মদ হোসেন (২৯) ও মো. কুতুবউদ্দিন (১৮), বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র এস এম রেজাউল করিম (২১), সরকারি বাণিজ্য কলেজের আনোয়ার হোসেন (২২), ইসলামিয়া কলেজের শাহেদ হোসেন (২৪), ল্যাবরেটরি কলেজের ইশতিয়াক আলম (১৯) এবং জামায়াতের কর্মী মোহাম্মদ হানিফ (৪৫)। পুলিশ সূত্র জানায়, তাঁদের গত ১৩ মে নগরে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই দিন ১৮ দলীয় জোটের কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উচ্ছৃঙ্খল কর্মী-সমর্থকেরা তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ নগরের কোতোয়ালি ও খুলশী থানায় পৃথক ছয়টি মামলা করে। কোতোয়ালি থানায় করা গাড়ি পোড়ানোর মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।