নোয়াখালীর সোনাইমুড়ীর চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জামায়াত ও হেফাজতে ইসলামের দুই নেতাকে আসামি করে দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে সোনাইমুড়ী থানায় একটি মামলা করা হয়। অপর মামলাটি হয় গতকাল বুধবার নোয়াখালীর বিচারিক হাকিম আদালতে।
গত সোমবার হিজবুত তওহিদের নেতা-কর্মী ও পোরকরা গ্রামবাসীর মধ্যে দিনভর সংঘর্ষে তিনজন নিহত হন। এ সময় গ্রামের সাতটি বসতঘর ও হিজবুতের নেতা-কর্মীদের ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
সোনাইমুড়ী থানায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মো. সাঈদ মিয়া। এ মামলায় উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হানিফ ওরফে হানিফ মোল্লার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গতকাল আদালতে করা মামলার বাদী সংঘর্ষে নিহত হিজবুতের কর্মী ইব্রাহিম খলিল ওরফে রুবেলের স্ত্রী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাটা গ্রামের হাজেরা আক্তার। তাঁর মামলায় উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মো. নুরুল আলমকে ১ নম্বর ও জামায়াত নেতা মো. হানিফকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক বাদীর আরজি আমলে নিয়ে আবেদনটি এফআইআরভুক্ত করে নিয়মিত মামলা করতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। তবে গতকাল রাতে যোগাযোগ করা হলে সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, তিনি আদালত থেকে কোনো মামলার কাগজ পাননি। কাগজপত্র হাতে পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের দায়ের করা মামলা প্রসঙ্গে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, পুরো ঘটনার সঙ্গে উপজেলা জামায়াতের আমিরের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। সে কারণে তাঁকে এ মামলার একমাত্র এজহারনামীয় আসামি করা হয়েছে।
এ প্রসঙ্গে জামায়াতের নেতা ও ইউপি চেয়ারম্যান মো. হানিফ বলেন, পুলিশ সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাঁকে এ মামলায় জড়িয়েছে। তাঁর দাবি, তিনি কখনো কোনো সহিংস ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এ ঘটনার সঙ্গেও না। বরং তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে উত্তেজিত জনতাকে শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করেছেন। কিন্তু তাঁরা শোনেননি। তা ছাড়া হিজবুতের কর্মীদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে, তা কোনো দলের সঙ্গে হয়নি, হয়েছে গ্রামবাসীর সঙ্গে।
এদিকে হেফাজত নেতা মো. নুরুল আলম বলেন, সেদিনের ঘটনার জন্য হিজবুত তওহিদের কর্মীরাই দায়ী। তাঁরাই প্রথম সাধারণ ধর্মপ্রাণ গ্রামবাসীর ওপর হামলা করে পরিস্থিতিকে অশান্ত করে তোলেন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে স্মারকলিপি দিতে উপজেলা সদরের দিকে গিয়েছিলেন। তিনি ফিরে আসার আগেই হিজবুতের কর্মীরা গ্রামবাসীর ওপর হামলা করেন। এ সময় গ্রামবাসী তাঁদের প্রতিহত করে। তিনি উত্তেজিত গ্রামবাসীকে শান্ত রাখার জন্য বারবার চেষ্টা করেছেন।
এদিকে গতকাল তৃতীয় দিনের মতো পোরকরা গ্রামে পুলিশ মোতায়েন ছিল। গ্রামের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এলেও লোকজনের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে মঙ্গলবার রাতে থানায় অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে মামলা দায়েরের খবর গ্রামে পৌঁছার পর আতঙ্ক বেড়ে গেছে বলে জানান স্থানীয় একাধিক ব্যক্তি।