জামায়াত ও হেফাজতের নামে পোস্টারে হুমকি!
জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের নামে রাষ্ট্রবিরোধী বিভিন্ন হুমকি দিয়ে সাতক্ষীরার কালীগঞ্জে হাতে লেখা কয়েকটি পোস্টার সাঁটানো হয়েছে। উপজেলার বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ সঞ্চারক বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মণ্ডল জানান, গত মঙ্গলবার সকালে ছাত্রছাত্রীদের কোচিং করানোর জন্য বিদ্যালয়ে এসে তিনি দেখতে পান বিদ্যালয়ের বন্ধ কয়েকটি দরজায় লাল কালি দিয়ে হাতে লেখা পোস্টার সাঁটানো হয়েছে। প্রাতর্ভ্রমণে বের হওয়া কয়েকজনকে তিনি পোস্টারগুলো দেখান। পরে তিনি বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সদস্য সমীর কুমার মণ্ডলকে ডেকে এনে তা দেখান এবং কালীগঞ্জ থানায় খবর দেন। পোস্টারে লেখা ছিল বাংলাদেশে বিজয় দিবস, শহীদ দিবস ও স্বাধীনতা দিবস পালন করা যাবে না। ভেঙে ফেলা হবে সকল শহীদ মিনার। নারীরা চাকরি করতে পারবে না। এ দেশে বৈশাখী মেলা ও জাতীয় শোক দিবস পালন করা যাবে না। যুদ্ধাপরাধীদের কোনো বিচার মানি না উল্লেখ করে পোস্টারে আরও লেখা ছিল দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় কার্যকর করা হলে তার ফল দেখিয়ে দেওয়া হবে। হেফাজতের ১৩ দফা দাবি না মানা হলে তার পরিণতি হবে ভয়াবহ। সমীর কুমার মণ্ডল আরও জানান, এ ধরনের পোস্টার সাঁটানোর পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ প্রগতিশীলদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আযম খান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বিদ্যালয়ের দরজায় সাঁটানো অবস্থায় ছয়টি পোস্টার উদ্ধার করা হয়েছে। ওইসব পোস্টারে রাষ্ট্রবিরোধী কথা লেখা রয়েছে। পোস্টারে জামায়াত ও হেফাজাতের নাম রয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডাইরি (জিডি) করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল ওহাব বলেন, তাঁরা দেশের সংবিধানে বিশ্বাসী। এ ধরনের কর্মকাণ্ডে তাঁরা বিশ্বাসী নন। কোনো কুচক্রী মহল তাঁদের দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের কাজ করতে পারে। জামায়াতের নাম ব্যবহার করায় তিনি এর প্রতিবাদ জানান। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে হেফাজতে ইসলামের কাউকে পাওয়া যায়নি।